২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তনের হারে সবচেয়ে এগিয়ে রয়েছে ময়মনসিংহ শিক্ষা বোর্ড। এ বোর্ডে পুনর্নিরীক্ষণের আবেদন করা শিক্ষার্থীদের ৪৪ দশমিক ১৯ শতাংশের ফল পরিবর্তন হয়েছে। অন্যদিকে, সবচেয়ে কম ফল পরিবর্তন হয়েছে রাজশাহী শিক্ষা বোর্ডে। এ বোর্ডে ফল পরিবর্তনের হার মাত্র ২ দশমিক ৪৮ শতাংশ।
সোমবার (২৩ নভেম্বর) শিক্ষাবোর্ডগুলোর প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১১টি শিক্ষা বোর্ডে এবার মোট ২ লাখ ৯১ হাজার ২১১ জন শিক্ষার্থী উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করেন। তাদের মধ্যে মাত্র ৩৩ হাজার ৩৪৯ জনের ফল পরিবর্তন হয়েছে। সব মিলিয়ে ১০ লাখ ৮৭ হাজার ৪১৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষা করা হয়েছে।
বোর্ডভিত্তিক হিসাবে, ময়মনসিংহ বোর্ডে ১৮ হাজার ৮৭০ জন শিক্ষার্থী আবেদন করেন। তাদের ৭১ হাজার ৭৬২টি উত্তরপত্র পুনর্নিরীক্ষার পর ৮ হাজার ৩৩৯ জনের ফল পরিবর্তন হয়েছে। আবেদনকারীদের মধ্যে ফল পরিবর্তনের হার ৪৪ দশমিক ১৯ শতাংশ।
ফল পরিবর্তনের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। এ বোর্ডে ৮১ হাজার ৭৯৪ জন শিক্ষার্থী আবেদন করেন। তাদের ৩ লাখ ৩৫ হাজার ৮৮১টি উত্তরপত্র পুনর্নিরীক্ষার পর ৫ হাজার ৮৫৩ জনের ফল পরিবর্তন হয়েছে। এ বোর্ডে ফল পরিবর্তনের হার ৭ দশমিক ১৬ শতাংশ।
বরিশাল শিক্ষা বোর্ডে ১২ হাজার ২৯৩ জন আবেদনকারীর মধ্যে ২ হাজার ৭৭২ জনের ফল পরিবর্তন হয়েছে। এ বোর্ডে ফল পরিবর্তনের হার ২২ দশমিক ৫৫ শতাংশ। কারিগরি শিক্ষা বোর্ডে ১৭ হাজার ৪৪০ জন আবেদনকারীর মধ্যে ৩ হাজার ৮৬০ জনের ফল পরিবর্তন হয়েছে। এ বোর্ডে হার ২২ দশমিক ১৩ শতাংশ।
এছাড়া কুমিল্লা বোর্ডে ২৫ হাজার ১৯৩ জন আবেদনকারীর মধ্যে ৩ হাজার ৬৫ জনের, যশোর বোর্ডে ২৬ হাজার ২৭৭ জনের মধ্যে ১ হাজার ৯০৯ জনের এবং চট্টগ্রাম বোর্ডে ২৭ হাজার ১২৪ জনের মধ্যে ২ হাজার ৪৩ জনের ফল পরিবর্তন হয়েছে।
সিলেট বোর্ডে ১৪ হাজার ৪৪৩ জন আবেদনকারীর মধ্যে ১ হাজার ৩৫৩ জনের, দিনাজপুর বোর্ডে ২৪ হাজার ৫৩১ জনের মধ্যে ২ হাজার ২৪৮ জনের এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডে ১১ হাজার ৮৮২ জনের মধ্যে ১ হাজার ১২৮ জনের ফল পরিবর্তন হয়েছে।
সবচেয়ে কম ফল পরিবর্তন হয়েছে রাজশাহী শিক্ষা বোর্ডে। এ বোর্ডে ৩১ হাজার ৩৬৪ জন শিক্ষার্থী আবেদন করলেও ফল পরিবর্তন হয়েছে মাত্র ৭৭৯ জনের। আবেদনকারীদের মধ্যে ফল পরিবর্তনের হার ২ দশমিক ৪৮ শতাংশ।
এমএইচ/এএম




