Dhaka Mail Logo

শিক্ষা

ঢাকা বোর্ডে ফেল থেকে পাস ১১৫৮ শিক্ষার্থী, জিপিএ-৫ পেল ৪৬৩ জন

নিজস্ব প্রতিবেদক

২৩ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ পিএম

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণে ঢাকা শিক্ষা বোর্ডে ৫ হাজার ৮৫৩ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। তাদের মধ্যে ১ হাজার ১৫৮ জনের অন্তত একটি বিষয়ে আগের অকৃতকার্য ফল বদলে পাস এসেছে। এ ছাড়া পুনর্নিরীক্ষণের পর ৪৬৩ জন শিক্ষার্থীর পয়েন্ট বেড়ে জিপিএ-৫ এসেছে।

সোমবার (২৩ নভেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের প্রকাশিত পুনর্নিরীক্ষণের ফল বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে। বোর্ডের ১৭৯ পৃষ্ঠার তালিকায় ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের রোল নম্বর, বিষয় এবং আগের ও সংশোধিত গ্রেড উল্লেখ করা হয়েছে।

তালিকায় দেখা যায়, পুনর্নিরীক্ষণের পর ৫ হাজার ৮৫৩ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। তাদের মধ্যে ১ হাজার ১৫৮ জনের আগে অকৃতকার্য হওয়া বিষয়ে পাস এসেছে। অর্থাৎ এসব শিক্ষার্থী আগে অন্তত একটি বিষয়ে ফেল করলেও পুনর্নিরীক্ষণের পর সেই বিষয়ে পাস করেছে।

ফেল থেকে পাস হওয়া শিক্ষার্থীদের মধ্যে বেশির ভাগের গ্রেড এসেছে ডি। তালিকায় ৬৭৫টি বিষয়ে এফ থেকে ডি, ২২৯টি বিষয়ে এফ থেকে সি এবং ২৪০টি বিষয়ে এফ থেকে বি হয়েছে। এ ছাড়া ১১টি বিষয়ে এফ থেকে এ মাইনাস, দুটি বিষয়ে এফ থেকে এ এবং একটি বিষয়ে এফ থেকে এ প্লাস এসেছে।

ফল পরিবর্তনের আরেকটি উল্লেখযোগ্য দিক জিপিএ-৫। পুনর্নিরীক্ষণের পর ৪৬৩ জন শিক্ষার্থীর জিপিএ ৫.০০ হয়েছে। তাদের আগের জিপিএ ছিল ৫-এর নিচে। সংশোধিত ফলের তালিকায় সব মিলিয়ে ৯৬০ জন শিক্ষার্থীর জিপিএ ৫ পেয়েছে। তাদের মধ্যে ৪৬৩ জনের জিপিএ পুনর্নিরীক্ষণের পর বেড়ে পূর্ণ জিপিএ হয়েছে।

বিষয়ভিত্তিক গ্রেড পরিবর্তনের হিসাবে সবচেয়ে বেশি পরিবর্তন হয়েছে ইংরেজিতে। এ বিষয়ে ১ হাজার ৯৮৮টি ফল এ থেকে এ প্লাস হয়েছে। এ ছাড়া ১ হাজার ৫০২টি বিষয়ে এ মাইনাস থেকে এ, ৭৪৬টি বিষয়ে বি থেকে এ মাইনাস এবং ৩৫৩টি বিষয়ে সি থেকে বি হয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ডে এবার পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন ৮১ হাজার ৭৯৪ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ৫ হাজার ৮৫৩ জনের ফল পরিবর্তন হয়েছে। আবেদনকারীদের হিসাবে ফল পরিবর্তনের হার ৭ দশমিক ১৬ শতাংশ।

এমএইচ/এএম