Dhaka Mail Logo

শিক্ষা

সমস্যা হলেই আদালতে কেন— ভর্তি জটিলতা নিয়ে প্রশ্ন শিক্ষামন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

২২ নভেম্বর ২০২৬, ০৪:২৮ পিএম

বিশ্ববিদ্যালয়ে ভর্তির কার্যক্রম নিয়ে কোনো জটিলতা তৈরি হলে আদালতে যাওয়ার আগে সংশ্লিষ্টদের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধানের পরামর্শ দিয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ভর্তি কার্যক্রম আটকে থাকলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন শিক্ষার্থীরা। তাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক ও সংশ্লিষ্টদের উচিত শিক্ষার্থীদের স্বার্থকে প্রাধান্য দেওয়া।

রোববার (২২ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে ‘ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন: সরকারের নীতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের পড়াশোনা শেষ করে কর্মজীবনে প্রবেশ করতে অনেক সময় ব্যয় হচ্ছে। এসএসসি ও এইচএসসি পরীক্ষা, ফল প্রকাশ এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া মিলিয়ে দীর্ঘ সময় চলে যাচ্ছে। এই সময় কৌশলে কমিয়ে আনতে হবে। এসএসসি পরীক্ষার ফল দ্রুত প্রকাশের চেষ্টা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলও দ্রুত প্রকাশের জন্য সংশ্লিষ্টদের বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম নিয়ে তৈরি হওয়া জটিলতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজেদের মধ্যে আলোচনা করে সমস্যার সমাধান করতে পারলে বিষয়টি আদালত পর্যন্ত গড়ানোর প্রয়োজন হতো না। আমি বুঝতে পারছি না, নিজেদের মধ্যে আলোচনা করে সমাধান করা যায় না কেন।

শিক্ষামন্ত্রী বলেন, কোনো সমস্যা হলেই আদালতে যেতে হবে, এমন পরিস্থিতি কাম্য নয়। আদালতে যাওয়ার আগে সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা হওয়া উচিত। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক ও সংশ্লিষ্ট সবাই বসে সমস্যার সমাধান করতে পারেন। ভর্তি কার্যক্রম বন্ধ থাকলে ক্ষতিগ্রস্ত হন শিক্ষার্থীরা। তাই তাদের স্বার্থকে সবার আগে রাখতে হবে।

বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে নিজেদের পরিকল্পনা স্পষ্ট করতে হবে। কী করতে চায়, সেটি জানাতে হবে এবং ভর্তি কার্যক্রম সময়মতো শেষ করতে হবে। দীর্ঘদিন ধরে একই ধরনের জটিলতা চলতে পারে না।

শিক্ষার্থীদের শিক্ষাজীবনের সময় কমিয়ে আনার প্রসঙ্গে মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রে একজন শিক্ষার্থী ১৮ বছর বয়সে ১২ শ্রেণি পর্যন্ত শেষ করে কর্মজীবনে প্রবেশ করতে পারে। পরে চাইলে আবার উচ্চশিক্ষা নিতে পারে বা অন্য পেশায় যেতে পারে। কিন্তু বাংলাদেশে এসএসসি, এইচএসসি ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া শেষ করতে গিয়ে শিক্ষার্থীদের অনেক বেশি সময় ব্যয় করতে হয়।

তিনি আরও বলেন, এসএসসি পরীক্ষার ফল প্রকাশে এক বছর, এইচএসসির ফল ও পরবর্তী কার্যক্রমে আরও অনেক সময় চলে যায়। এরপর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গিয়ে আরও সময় নষ্ট হয়। এভাবে শিক্ষার্থীদের জীবনের গুরুত্বপূর্ণ সময় চলে যাচ্ছে। এই অপচয় কমিয়ে আনতে হবে।

শিক্ষামন্ত্রী বলেন, নতুন সরকার, নতুন ভিশন ও নতুন নেতৃত্ব নিয়ে কাজ করছে। প্রধানমন্ত্রী প্রতিটি ক্ষেত্রে কাজ করার স্বাধীনতা দিয়েছেন। এখন বিশ্ববিদ্যালয়গুলোকেও দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। পুরোনো ব্যবস্থার ধারাবাহিকতা বজায় না রেখে জনগণের প্রত্যাশা অনুযায়ী পরিবর্তন আনতে হবে।

যেভাবে তৈরি হয় ভর্তি জটিলতা

উল্লেখ্য, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আয়োজন নিয়ে চলতি মাসে কয়েক দফা সিদ্ধান্ত ও আইনি জটিলতা তৈরি হয়েছে। গত ৯ নভেম্বর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) এক সভায় এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে ভর্তি পরীক্ষা না নেওয়ার অনুরোধ জানানো হয়। এ সিদ্ধান্তের পর ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ভিন্ন অবস্থান তৈরি হয়।

পরে ১৮ নভেম্বর বিশেষ সভা করে ৯ নভেম্বরের সিদ্ধান্ত বাতিল করে ইউজিসি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো নিজ নিজ আইন, বিধি-বিধান, নীতিমালা ও যথাযথ একাডেমিক কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুসরণ করে ভর্তি কার্যক্রম পরিচালনা করতে পারবে। বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক স্বায়ত্তশাসন ও স্বাধীনতার বিষয়টিও পুনর্ব্যক্ত করেছে সংস্থাটি।

এর মধ্যেই ১৮ নভেম্বর এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিতের নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন পোর্টাল খোলা রাখা এবং যেসব শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষা এখনও শেষ হয়নি, তাদের শর্তসাপেক্ষে আবেদনের সুযোগ দিতে বলা হয়।

রিটে বলা হয়, এইচএসসি পরীক্ষায় দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা ও উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের আগে বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা শুরু হলে তারা ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ১৯ নভেম্বর আপিল করে সরকার ও ঢাকা বিশ্ববিদ্যালয়। তবে আপিল বিভাগের চেম্বার আদালত ওই দিন হাইকোর্টের আদেশ স্থগিত করেননি। আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে ২৩ নভেম্বর দিন ধার্য করা হয়েছে।

এমএইচ/এফএ