শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ঢাকা

এইচএসসির পুনর্নিরীক্ষণের ফল ২৩ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ০৬:২২ পিএম

শেয়ার করুন:

এইচএসসির পুনর্নিরীক্ষণের ফল ২৩ নভেম্বর
ফাইল ছবি

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন ২ লাখ ৯১ হাজারের বেশি শিক্ষার্থী। ১১টি শিক্ষা বোর্ডে এসব শিক্ষার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতে ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি খাতা পুনরায় যাচাই করা হয়েছে। আগামী ২৩ নভেম্বর প্রকাশ করা হবে পুনঃনিরীক্ষণের ফল।

শনিবার (২১ নভেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু এ তথ্য জানিয়েছেন। 

তিনি বলেন, ফল প্রকাশের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্ধারিত তারিখেই ফল প্রকাশ করা হবে।

এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। ফেল করেছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন। গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন।

এ অবস্থায় গত ৩১ অক্টোবর পরীক্ষার ফল প্রকাশের পরদিন থেকেই পুনঃনিরীক্ষণের আবেদন নেওয়া শুরু হয়। ১ নভেম্বর শুরু হওয়া এ আবেদন কার্যক্রম চলে ৮ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত। নির্ধারিত সময়ে ১১টি শিক্ষা বোর্ডে ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী আবেদন করেন। তাদের আবেদনে মোট খাতার সংখ্যা দাঁড়ায় ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি। এসব খাতা যাচাইয়ের কাজ শেষ করে এখন ফল প্রকাশের প্রস্তুতি নিচ্ছে বোর্ডগুলো।

গত দুই বছরের তুলনায়ও এবার পুনঃনিরীক্ষণের আবেদনকারীর সংখ্যা উল্লেখযোগ্য সংখ্যক বেড়েছে। ২০২৫ সালে ২ লাখ ২৬ হাজার শিক্ষার্থী ৪ লাখ ২৮ হাজার খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করেছিলেন। আর ২০২৪ সালে ১ লাখ ৯৮ হাজার ১১৬ জন শিক্ষার্থী ৫ লাখ ৮ হাজার ১১৬টি খাতা পুনরায় যাচাইয়ের আবেদন করেন।

এমএইচ/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর