নিজস্ব প্রতিবেদক
২০ নভেম্বর ২০২৬, ০৪:১২ পিএম
শিক্ষার্থীদের লেখালেখি থেকে শুরু করে শিক্ষকদের পাঠদানসহ শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বাড়ছে। এতে একদিকে শিক্ষার নতুন সুযোগ তৈরি হচ্ছে, অন্যদিকে শিক্ষার্থীদের কাজের মূল্যায়ন ও একাডেমিক সততা রক্ষায় দেখা দিচ্ছে নতুন চ্যালেঞ্জ। এ পরিস্থিতিতে এআইয়ের ব্যবহার বন্ধ না করে দায়িত্বশীল ও নৈতিকভাবে এর প্রয়োগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।
তিনি বলেছেন, ‘প্রযুক্তির ব্যবহার বাড়লেও শিক্ষায় মানুষের বিচারবোধ, মানবিকতা ও নৈতিকতার গুরুত্ব কমানো যাবে না।’
শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ক্যাম্পাসে ‘১২তম বেল্টা আন্তর্জাতিক সম্মেলন ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক মামুন আহমেদ বলেন, ‘শিক্ষার্থীরা এখন লেখালেখিতে এআইয়ের সহায়তা নিচ্ছে। ফলে প্রযুক্তি শ্রেণিকক্ষে আসবে কি না, সেই প্রশ্নের চেয়ে এর ব্যবহার কীভাবে দায়িত্বশীল, ন্যায়সংগত ও নৈতিক করা যায়, সেটিই বেশি গুরুত্বপূর্ণ।’
এ সময় শিক্ষার্থীদের কাজের মূল্যায়ন এবং একাডেমিক সততা বজায় রাখার উপায় নিয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে আলোচনার আহ্বানও জানান তিনি।
একই সঙ্গে প্রযুক্তির সুবিধা যেন শুধু বেশি সুযোগ-সুবিধা পাওয়া প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ না থাকে, সেদিকেও নজর দেওয়ার কথা বলেন ইউজিসি চেয়ারম্যান।
সম্মেলনের প্রতিপাদ্য ‘ইংলিশ ল্যাঙ্গুয়েজ এডুকেশন ইন আ ফ্র্যাকচার্ড ওয়ার্ল্ড: পোস্টহিউম্যানিস্ট পারসপেক্টিভস অ্যান্ড প্র্যাকটিসেস’ প্রসঙ্গে তিনি বলেন, যুদ্ধ, মানবিক সংকট, জলবায়ু পরিবর্তন ও বৈষম্যের পাশাপাশি বিশ্ব এখন দ্রুত প্রযুক্তিগত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা জ্ঞান উৎপাদন, শিক্ষার্থীদের লেখালেখি এবং শিক্ষকদের পাঠদানের পদ্ধতিতে পরিবর্তন আনছে। পোস্টহিউম্যানিস্ট দৃষ্টিভঙ্গিতে শিক্ষা কেবল শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যকার সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয়; এর সঙ্গে প্রযুক্তি, ডিজিটাল প্ল্যাটফর্ম, পাঠ্যবস্তু ও শিক্ষার পরিবেশও যুক্ত।
ইংরেজি শিক্ষার গুরুত্ব তুলে ধরে অধ্যাপক মামুন আহমেদ বলেন, বৈশ্বিক জ্ঞান, গবেষণা ও কর্মসংস্থানের সঙ্গে যুক্ত হতে ইংরেজি ভাষায় দক্ষতা জরুরি। তবে শুধু ভাষাগত দক্ষতা অর্জন করলেই হবে না, শিক্ষার্থীদের সমালোচনামূলক চিন্তা ও যোগাযোগের সক্ষমতাও গড়ে তুলতে হবে। সম্মেলনে উপস্থাপিত গবেষণা ও ধারণাগুলো বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণ এবং শ্রেণিকক্ষের পাঠদানে কাজে লাগবে বলে আশা প্রকাশ করেন তিনি।
উচ্চশিক্ষার মান নিশ্চিত করাকে ইউজিসির অগ্রাধিকার উল্লেখ করে চেয়ারম্যান বলেন, দক্ষ, নৈতিকতাসম্পন্ন ও আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজের উপযোগী শিক্ষার্থী তৈরি করতে চায় কমিশন। পাশাপাশি সমাজের প্রয়োজন মেটাতে পারে এমন গবেষণাকে উৎসাহিত করার উদ্যোগও রয়েছে। এ লক্ষ্য অর্জনে প্রশিক্ষিত ও গবেষণামনস্ক শিক্ষক প্রয়োজন। শিক্ষকদের দক্ষতা উন্নয়ন ও গবেষণায় বাংলাদেশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচার্স অ্যাসোসিয়েশনের (বেল্টা) ভূমিকার প্রশংসাও করেন তিনি।
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ইংরেজি বিভাগ ও বেল্টা যৌথভাবে দুই দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করে। এতে ১৩টি দেশের প্রায় ৬৫০ জন শিক্ষক, গবেষক ও ভাষা প্রশিক্ষক অংশ নেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. এম. আশিক মোসাদ্দিক, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস এবং ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের পাবলিক এনগেজমেন্ট পরিচালক স্কট হার্টম্যান।
সম্মেলনের আহ্বায়ক ছিলেন বেল্টার সভাপতি অধ্যাপক আহমেদ বশির এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের চেয়ারপারসন সহযোগী অধ্যাপক ড. আখতার জাহান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ওয়ারউইকের ড. জেসন অ্যান্ডারসন, মার্কিন পররাষ্ট্র দফতরের ড. মলি ম্যাকহার্গ এবং অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ডের ড. ওবায়দুল হামিদ। সম্মেলনে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ছিল ব্রিটিশ কাউন্সিল ও ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
এমএইচ/এএম