কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক শিক্ষার নতুন প্রজন্ম গড়ে তুলতে সরকার আন্তরিক বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে দেশের শ্রেণিকক্ষগুলোকে মাল্টিমিডিয়া ও তথ্যপ্রযুক্তিনির্ভর করে গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার।
শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর হোটেল শেরাটনের বলরুমে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের সেমিনার ও বার্ষিক সভার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, দেশি-বিদেশি শিক্ষাবিদদের অংশগ্রহণে এ আয়োজনের আলোচনা ফলপ্রসূ হবে। একই সঙ্গে তা বাংলাদেশের শিক্ষা খাতের উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর কথা জানিয়ে মন্ত্রী বলেন, আগের বাজেটের তুলনায় চলতি বছরের বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বাড়িয়ে জিডিপির দুই শতাংশ করা হয়েছে। ভবিষ্যতে এ বরাদ্দ জিডিপির পাঁচ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
এআই খাতে বিনিয়োগের বিষয়েও আশাবাদ ব্যক্ত করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানান, বাংলাদেশ এ খাতে বড় ধরনের বিনিয়োগের অপেক্ষায় রয়েছে।
তরুণ প্রজন্মকে দেশের প্রধান সম্পদ উল্লেখ করে মিলন বলেন, ‘বাংলাদেশে প্রচুর মানবসম্পদ রয়েছে। তবে এই সম্পদ অদৃশ্য বা অস্পর্শনীয়। একে দৃশ্যমান সম্পদে রূপান্তর করতে হবে।’
উচ্চশিক্ষায় আন্তর্জাতিক সহযোগিতা ও উদ্ভাবন বাড়ানোর লক্ষ্যে ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয় ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টস (আইএইউপি)। বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়প্রধানদের এ সংগঠনটি উচ্চশিক্ষায় নেতৃত্বের বিকাশ, অভিজ্ঞতা বিনিময় ও প্রাতিষ্ঠানিক অংশীদারত্বে কাজ করে। এর ২০২৬ সালের সেমি-অ্যানুয়াল মিটিং ১৯ থেকে ২১ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আয়োজনে দক্ষিণ এশিয়ায় প্রথমবারের মতো অনুষ্ঠিত এ সম্মেলনে শতাধিক বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক প্রতিনিধি অংশ নিচ্ছেন। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য টেকসই, উদ্ভাবনী ও এআই-সক্ষম ভবিষ্যতের উপযোগী উচ্চশিক্ষাব্যবস্থা গড়ে তোলা।
এমএইচ/এসআই




