Dhaka Mail Logo

শিক্ষা

শিক্ষকদের এআই প্রশিক্ষণসহ শিক্ষা খাতে সহযোগিতা করতে চায় গুগল

নিজস্ব প্রতিবেদক

১৫ নভেম্বর ২০২৬, ০৬:২১ পিএম

শিক্ষক প্রশিক্ষণ, অনলাইন শিক্ষাসামগ্রী তৈরি এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) শিক্ষা কার্যক্রমে বাংলাদেশকে সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল। এ ছাড়া শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসারেও কাজ করতে চায় প্রতিষ্ঠানটি।

রোববার (১৫ নভেম্বর) শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে গুগলের একটি প্রতিনিধিদল। মন্ত্রীর বাসভবনের কার্যালয়ে গুগলের স্পেশাল প্রজেক্টসের গ্লোবাল লিড টিমোথি পাওলিনির নেতৃত্বে দলটি সাক্ষাৎ করে।

এ সময় শিক্ষামন্ত্রী শিক্ষা খাতে সরকারের অগ্রাধিকার ও বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। বৈশ্বিক চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের শিক্ষা ব্যবস্থাকে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে গুগলের সহযোগিতার সুযোগ রয়েছে।

মন্ত্রী বলেন, শিক্ষা ব্যবস্থায় তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বাড়াতে শিক্ষকদেরও এ বিষয়ে প্রশিক্ষিত ও দক্ষ করে তুলতে হবে। এ জন্য সরকার ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ এবং মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষসহ বিভিন্ন উদ্যোগের ওপর গুরুত্ব দিচ্ছে। এসব উদ্যোগ বাস্তবায়নেও গুগল ভূমিকা রাখতে পারে।

এ ছাড়া শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, শিক্ষাসামগ্রীর কনটেন্ট উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠানটির সহযোগিতা নেওয়ার সুযোগ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সাক্ষাতে গুগলের কর্মকর্তারা শিক্ষা খাতসহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের নেওয়া উদ্যোগের প্রশংসা করেন। পাশাপাশি শিক্ষক প্রশিক্ষণ, অনলাইন শিক্ষাসামগ্রী উন্নয়ন, এআইভিত্তিক শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসারে সহযোগিতার আগ্রহ জানান।

এমএইচ/এএস