শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ঢাকা

‘কৃষি বিশ্ববিদ্যালয় শুধু ডিগ্রি প্রদানকারী প্রতিষ্ঠান হলে চলবে না’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ০৬:১৩ পিএম

শেয়ার করুন:

‘কৃষি বিশ্ববিদ্যালয় শুধু ডিগ্রি প্রদানকারী প্রতিষ্ঠান হলে চলবে না’
বাংলাদেশ সোসাইটি অব এগ্রোনমির ২৫তম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

কৃষি বিশ্ববিদ্যালয়গুলোকে শুধু ডিগ্রি প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে সীমাবদ্ধ না রেখে গবেষণা, উদ্ভাবন ও কৃষি খাতের সমস্যা সমাধানের কেন্দ্র হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, জলবায়ু পরিবর্তন ও সীমিত সম্পদের চ্যালেঞ্জ মোকাবিলায় টেকসই ও জলবায়ু-সহনশীল কৃষিব্যবস্থা গড়ে তুলতে হবে।

শনিবার (৩১ অক্টোবর) বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের মিলনায়তনে বাংলাদেশ সোসাইটি অব এগ্রোনমির ২৫তম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশ কৃষি উৎপাদনে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তবে আগামী দিনের চ্যালেঞ্জ শুধু উৎপাদন বাড়ানোর মধ্যে সীমাবদ্ধ নয়। সীমিত সম্পদ, জলবায়ু পরিবর্তন ও পরিবর্তনশীল প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে কৃষিব্যবস্থাকে এগিয়ে নিতে হবে।

তিনি আরও বলেন, একই জমিতে কীভাবে বেশি উৎপাদন করা যায়, উৎপাদন খরচ কমানো যায় এবং উন্নতমানের ফসল উৎপাদনের পাশাপাশি পরিবেশগত স্থায়িত্ব নিশ্চিত করা যায়, সেসব বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে।

কৃষি গবেষণার ফল মাঠপর্যায়ে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করে ড. মিলন বলেন, প্রতিবছর দেশের বিজ্ঞানী ও গবেষকেরা অনেক গবেষণাপত্র প্রকাশ করেন এবং নতুন প্রযুক্তি উদ্ভাবন করেন। কিন্তু এসব উদ্ভাবনের সুফল কতজন কৃষকের কাছে পৌঁছাচ্ছে, সেটিও বিবেচনায় রাখতে হবে।

তিনি আরও বলেন, কৃষি বিশ্ববিদ্যালয়গুলোকে শুধু ডিগ্রি প্রদানকারী প্রতিষ্ঠান হলে চলবে না। এসব প্রতিষ্ঠানকে উদ্ভাবন, সমস্যা সমাধান এবং কৃষি খাতের রূপান্তরের কেন্দ্র হিসেবে আরও শক্তিশালী হয়ে উঠতে হবে।

Melon

আধুনিক কৃষিব্যবস্থায় দক্ষ জনশক্তি তৈরির প্রয়োজনীয়তা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, কৃষি যন্ত্রপাতি পরিচালনা, সেচ প্রযুক্তি ও খাদ্য প্রক্রিয়াকরণসহ বিভিন্ন ক্ষেত্রে দক্ষ কর্মীর চাহিদা রয়েছে। এসব খাতে প্রয়োজনীয় দক্ষতা তৈরিতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বাংলাদেশ সোসাইটি অব এগ্রোনমির সভাপতি ড. এ কে এম রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কৃষিবিদ মো. হাসান জাফির তুহিন, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. মো. আব্দুস সালাম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল আলিম প্রমুখ।

এমএইচ/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর