Dhaka Mail Logo

শিক্ষা

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার পদ্ধতিতে পরিবর্তন আনার উদ্যোগ ইউজিসির

নিজস্ব প্রতিবেদক

১৫ নভেম্বর ২০২৬, ০৪:১৬ পিএম

কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর গুচ্ছ ভর্তি পরীক্ষার পদ্ধতিতে পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। ভর্তি পরীক্ষার প্রশ্নপদ্ধতি, শিক্ষার্থীদের মেধা যাচাই এবং শূন্য আসন পূরণে বিদ্যমান পদ্ধতির পরিবর্তন নিয়ে আলোচনা হয়েছে।

আগামী ২০২৭-২৮ শিক্ষাবর্ষ থেকে নতুন পদ্ধতি চালুর লক্ষ্যে উপাচার্যদের সমন্বয়ে একটি কমিটি গঠনের প্রস্তাবও দিয়েছে কমিশন।

রোববার (১৫ নভেম্বর) ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সঙ্গে দেশের ১০টি কৃষি ও সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের এক সভায় এসব বিষয়ে আলোচনা হয়।

সভায় ইউজিসি চেয়ারম্যান বলেন, কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় এমন পদ্ধতি থাকা প্রয়োজন, যাতে শিক্ষার্থীদের প্রকৃত মেধা ও যোগ্যতা যাচাই করা যায়। একই সঙ্গে ভর্তি প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়া এবং আসন ফাঁকা থাকার সমস্যাও সমাধান করতে হবে। বর্তমানে ভর্তি পরীক্ষা থেকে শুরু করে মাইগ্রেশনসহ পুরো প্রক্রিয়া শেষ হতে প্রায় চার মাস সময় লাগে। এ সময় কমিয়ে আনার বিষয়েও গুরুত্ব দেন তিনি।

ভর্তি পরীক্ষার প্রশ্নপদ্ধতিতে এমসিকিউর পাশাপাশি সৃজনশীল প্রশ্ন যুক্ত করা যায় কি না, তা নিয়েও সভায় আলোচনা হয়। এ ছাড়া শিক্ষার্থীদের বিশ্লেষণী দক্ষতা যাচাই এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার জিপিএ কীভাবে ভর্তি পরীক্ষার ফলাফলে বিবেচনা করা যায়, সে বিষয়গুলোও আলোচনায় উঠে আসে।

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সঙ্গে কৃষি ও সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সভা।
ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সঙ্গে কৃষি ও সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সভা।

ইউজিসি চেয়ারম্যানের প্রস্তাব অনুযায়ী, কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সমন্বয়ে একটি কমিটি গঠন করে ভর্তি পদ্ধতির উন্নয়নে সুপারিশ নেওয়া হবে। ওই সুপারিশের ভিত্তিতে ২০২৭-২৮ শিক্ষাবর্ষ থেকে পরিবর্তিত পদ্ধতি চালুর বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হতে পারে।

সভায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি নিয়েও আলোচনা হয়। এ শিক্ষাবর্ষে জানুয়ারি ২০২৭-এ ভর্তি কার্যক্রম শুরু এবং ফেব্রুয়ারিতে ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়।

এ ছাড়া কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর পাঠ্যক্রম আধুনিকায়ন, গবেষণার সুযোগ বাড়ানো এবং শিক্ষার্থীদের কর্মক্ষেত্রের উপযোগী করে গড়ে তোলার বিষয়েও আলোচনা হয়। ইউজিসি চেয়ারম্যান বলেন, বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে এমন বিষয় যুক্ত করা প্রয়োজন, যা শিক্ষার্থীদের পেশাগত জীবন ও গবেষণায় কাজে আসবে। এ ক্ষেত্রে শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বাড়ানো এবং বাস্তব সমস্যার সমাধানে গবেষণাকে উৎসাহিত করার ওপর গুরুত্ব দেন তিনি।

কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষকসংকট, বিশেষ করে নতুন প্রতিষ্ঠিত চারটি কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রয়োজনীয় শিক্ষক নিয়োগের বিষয়টিও সভায় উঠে আসে। এ সংকট মোকাবিলায় কেন্দ্রীয়ভাবে শিক্ষক নিয়োগ পরীক্ষা আয়োজন, এক বছর মেয়াদি ফেলোশিপ চালু, অবসরপ্রাপ্ত শিক্ষকদের কাজে লাগানো এবং বিদেশে থাকা বাংলাদেশি শিক্ষকদের যুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

এ ছাড়া আগামী পাঁচ বছরের মধ্যে সব শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক ও পারিশ্রমিকভিত্তিক ইন্টার্নশিপ চালুর পরিকল্পনার কথাও জানান ইউজিসি চেয়ারম্যান। তিনি বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি করা জরুরি।

সভায় কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য, ইউজিসির সদস্য, সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমএইচ/এএম