আব্দুল হাকিম
১২ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ এএম
২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফল প্রকাশের পর দেশের বিভিন্ন স্থানে ২০ শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। এর মধ্যে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর মাত্র ১০ দিনের ব্যবধানে আত্মহত্যা করেছে ৯ শিক্ষার্থী। অন্যদিকে, এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর আত্মহত্যার ঘটনা ঘটেছে ১১টি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) আঁচল ফাউন্ডেশনের রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস ইউনিটের সাদিয়া ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এইচএসসির ফল প্রকাশের পর আত্মহত্যা করা ৯ শিক্ষার্থীর মধ্যে ৫ জন নারী ও ৪ জন পুরুষ। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন, পরিবার ও স্থানীয় সূত্রের তথ্য পর্যালোচনা করে এসব ঘটনা চিহ্নিত করেছে সংগঠনটি।
জেলাভিত্তিক হিসাবে খুলনা বিভাগের সাতক্ষীরা, মাগুরা, যশোর ও বাগেরহাটে মোট পাঁচ শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা পাওয়া গেছে। এ ছাড়া চট্টগ্রাম বিভাগের লক্ষ্মীপুর, রংপুর বিভাগের ঠাকুরগাঁও, ঢাকা বিভাগের গাজীপুর এবং রাজশাহী বিভাগের বগুড়ায় একটি করে ঘটনা ঘটেছে।
সংগঠনটির দেওয়া তথ্যে বলা হয়েছে, এসব ঘটনার পেছনে পরীক্ষায় অকৃতকার্য হওয়া, প্রত্যাশিত ফল অর্জনে ব্যর্থতা, পারিবারিক প্রত্যাশা, সামাজিক চাপ এবং ফলাফলকেন্দ্রিক হতাশার মতো বিষয় উঠে এসেছে। ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীদের মানসিক সংকটের বিষয়টি এসব ঘটনায় নতুন করে সামনে এসেছে।
আঁচল ফাউন্ডেশন মনে করে, পরীক্ষার ফল প্রকাশের সময় শিক্ষার্থীরা বিশেষ ধরনের মানসিক চাপের মধ্য দিয়ে যায়। বিশেষ করে যারা পরীক্ষায় অকৃতকার্য হয় কিংবা প্রত্যাশিত ফল পায় না, তাদের মধ্যে হতাশা ও অপরাধবোধ তৈরি হতে পারে। এ অবস্থায় পরিবার, শিক্ষক ও সহপাঠীদের সহানুভূতিশীল আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সংগঠনটির মতে, ফলাফলকে জীবনের সাফল্য-ব্যর্থতার একমাত্র মাপকাঠি হিসেবে বিবেচনা করার প্রবণতা শিক্ষার্থীদের মানসিক সংকট আরও বাড়িয়ে তুলতে পারে। তাই পরীক্ষার ফল প্রকাশ ও পরবর্তী শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির বিষয়টির পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক অবস্থার প্রতিও সমান গুরুত্ব দিতে হবে।
ফল প্রকাশের পর কোনো শিক্ষার্থীর মধ্যে হতাশা, সামাজিক বিচ্ছিন্নতা, অতিরিক্ত অপরাধবোধ কিংবা আচরণগত পরিবর্তন দেখা গেলে তা অবহেলা না করার পরামর্শ দিয়েছে সংগঠনটি। দ্রুত প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের নিজেদের অনুভূতি প্রকাশের নিরাপদ পরিবেশ তৈরি এবং প্রয়োজনে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
শিক্ষার্থীদের আত্মহত্যা প্রতিরোধ ও ফলাফল-পরবর্তী মানসিক সংকট মোকাবিলায় সাত দফা সুপারিশ করেছে আঁচল ফাউন্ডেশন। এর মধ্যে রয়েছে, পরীক্ষার ফল প্রকাশের আগে ও পরে শিক্ষাপ্রতিষ্ঠানে মানসিক স্বাস্থ্য সহায়তা ও পরামর্শসেবা নিশ্চিত করা, অকৃতকার্য বা প্রত্যাশিত ফল না পাওয়া শিক্ষার্থীদের প্রতি পরিবারের সহানুভূতিশীল আচরণ নিশ্চিত করা এবং তাদের অপমান, ভর্ৎসনা, অন্যের সঙ্গে তুলনা কিংবা অতিরিক্ত চাপ দেওয়া থেকে বিরত থাকা।
এ ছাড়া পরীক্ষায় অকৃতকার্য হওয়াকে জীবনের ব্যর্থতা হিসেবে না দেখার বিষয়ে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে সচেতনতা তৈরি এবং ফল প্রকাশের পর শিক্ষার্থীদের মানসিক অবস্থা পর্যবেক্ষণে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সহায়তা কার্যক্রম চালুর সুপারিশ করেছে সংগঠনটি।
শিক্ষার্থীদের জন্য সহজলভ্য, গোপনীয় ও বিনা মূল্যের মানসিক স্বাস্থ্য পরামর্শসেবা এবং জরুরি সহায়তা ব্যবস্থা সম্প্রসারণের পাশাপাশি আবেগ নিয়ন্ত্রণ, হতাশা মোকাবিলা, সমস্যা সমাধান ও প্রয়োজনে অন্যের সহায়তা চাওয়ার বিষয়ে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার কথাও বলা হয়েছে।
একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সরকারি সংস্থার মধ্যে সমন্বিত উদ্যোগ গড়ে তোলার আহ্বান জানিয়েছে আঁচল ফাউন্ডেশন।
এএইচ/এসআই