Dhaka Mail Logo

শিক্ষা

‘তোদের আপা আসবে না’ বলে ছাত্রলীগের নাশকতার বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

১১ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ এএম

নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, দেশজুড়ে ককটেল হামলা ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলে ‘আপা আপা করিস না, তোদের আপা আসবে না; ফাঁসি ফাঁসি ফাঁসি চাই ,খুনি হাসিনার ফাঁসি চাই’ সহ বিভিন্ন স্লোগান দেন এবং শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করার দাবি তোলা হয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি খোরশেদ আলম সোহেলের নেতৃত্বে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শাহবাগে গিয়ে মিছিলটি শেষ হয়।

মিছিলে ‘আপা আপা করিস না, তোদের আপা আসবে না; ফাঁসি ফাঁসি ফাঁসি চাই ,খুনি হাসিনার ফাঁসি চাই; ফ্যাসিবাদের ঠিকানা , এই বাংলায় হবেনা; ভারত যদি বন্ধু হও, হাসিনারে ফেরত দাও’ সহ বিভিন্ন স্লোগান দেন ঢাবি শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

এ সময় ছাত্রদল নেতা এইচ এম আবু জাফর বলেন, খুনি হাসিনা বিগত ১৬ বছরে গুম, খুন, হত্যা, নির্যাতন নিপীড়নের স্টিম রোলার চালায়। জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশের মানুষের ওপর নির্বিচারে গণহত্যা চালিয়েছে। বন্দী বিনিময় চুক্তির আওতায় অবিলম্বে হাসিনাকে ফেরত এনে ফাঁসির দণ্ড কার্যকর করতে হবে।

তিনি অভিযোগ করেন, ক্যাম্পাসে ছাত্রলীগের ককটেল বিস্ফোরণে সহযোগী হিসাবে কাজ করছে গুপ্ত শিবির। ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে শিক্ষার্থীদের পাশে না থেকে নীলক্ষেতের ভিপি সাদিক কায়েম বউয়ের সঙ্গে রান্না করছে। আরেক ছাত্রশক্তির নেতা রিসোর্টে গিয়ে ধরা খেয়েছে। শিবির ছাত্রলীগের সঙ্গে তাদের অতীতের দায়বদ্ধতা থেকে এসব বোমাবাজিতে সহায়তা করছে।

এসময় আরও উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক বায়েজিদ হুসাইন, ফারহান আরিফ, সহ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাইদুর রহমান সাঈদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক আফসার উদ্দিন, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ সভাপতি এইচ এম রিয়াজুল ইসলাম, বেসরকারি বিশ্ববিদ্যালয় যুগ্ম সম্পাদক ইয়াসির আরাফাত সারজু, ঢাকা কলেজের যুগ্ম আহবায়ক ইজাবুল মল্লিক, শাকিতুল ইসলাম, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক বেলাল হোসেন নিলয়সহ কয়েকশ নেতাকর্মী।