নিজস্ব প্রতিবেদক
০৯ নভেম্বর ২০২৬, ০৪:৪২ পিএম
দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা পিছিয়ে আগামী ফেব্রুয়ারি থেকে আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। আর ভর্তির আবেদন শুরু হবে জানুয়ারিতে। ইতোমধ্যে যেসব বিশ্ববিদ্যালয় পরীক্ষার তারিখ ঘোষণা করেছে, সেগুলোকেও সময়সূচি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
ভর্তি কার্যক্রমে এমন পরিবর্তনের পেছনে শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট কয়েকটি বিষয় বিবেচনায় নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।
সোমবার (৯ নভেম্বর) ইউজিসিতে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।
ইউজিসি চেয়ারম্যান বলেন, চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা আগের বছরের তুলনায় কমেছে। ২০২৫ সালে সাত লাখের বেশি শিক্ষার্থী পাস করলেও এবার পাস করেছেন ছয় লাখের কিছু বেশি। এ বছর উত্তরপত্র যথাযথভাবে মূল্যায়ন হওয়ায় অনেক শিক্ষার্থী প্রত্যাশিত ফল অর্জন করতে পারেনি।
তিনি জানান, এসব শিক্ষার্থীর জন্য উত্তরপত্র পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে এসব পরীক্ষার ফল প্রকাশের লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাও যাতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারেন, সেজন্যই ভর্তি কার্যক্রম কিছুটা পিছিয়ে দেওয়া হয়েছে।
সভায় আলোচনার ভিত্তিতে আগামী জানুয়ারি থেকে ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণের বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে। ফেব্রুয়ারি থেকে পরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে বিশ্ববিদ্যালয়গুলো পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে নিজ নিজ পরীক্ষার তারিখ নির্ধারণ ও ঘোষণা করবে।
ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণে পবিত্র রমজান মাসের বিষয়টি বিবেচনায় রাখতেও উপাচার্যদের অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোর পরীক্ষার তারিখ যাতে সাংঘর্ষিক না হয়, সেই বিষয়েও গুরুত্ব দিয়েছে ইউজিসি।
অধ্যাপক মামুন আহমেদ বলেন, শিক্ষার্থীরা যাতে একাধিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারেন, সেটি নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। তবে ভর্তি পরীক্ষা পিছিয়ে গেলেও বিশ্ববিদ্যালয়গুলোর নিয়মিত শিক্ষা কার্যক্রম যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপাচার্যদের অনুরোধ জানানো হয়েছে।
এদিকে ভর্তি পরীক্ষা আয়োজন ও সময়সূচি নির্ধারণে সমন্বয় বাড়াতে একটি কেন্দ্রীয় কমিটি গঠনের প্রস্তাব নিয়েও সভায় আলোচনা হয়েছে। প্রস্তাবিত কমিটিতে ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিরা থাকবেন। কমিটি গঠন করা হলে সারা বছর ভর্তি পরীক্ষাসংক্রান্ত কার্যক্রম সমন্বয়ের কাজ করবে।
সংবাদ সম্মেলনে ইউজিসি চেয়ারম্যান আরও জানান, চলতি শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার প্রশ্নপদ্ধতিতে কোনো পরিবর্তন আনা হচ্ছে না। অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে আগের মতোই বহুনির্বাচনী বা এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে।
তবে আগামী শিক্ষাবর্ষ থেকে এমসিকিউর পাশাপাশি বিষয়ভিত্তিক ও বিশ্লেষণধর্মী প্রশ্ন যুক্ত করার বিষয়ে আলোচনা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মুখস্থনির্ভর জ্ঞানের পরিবর্তে বিষয়ভিত্তিক দক্ষতা, বিশ্লেষণী ক্ষমতা ও সমস্যা সমাধানের যোগ্যতা যাচাইয়ের ওপর গুরুত্ব দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়গুলোর মতামত ও প্রস্তুতি বিবেচনায় এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এ ছাড়া ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা নির্ধারণে জিপিএর বিষয়টি যথাযথভাবে বিবেচনার জন্য উপাচার্যদের অনুরোধ জানানো হয়েছে।
ইউজিসির তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে পাবলিক ও বেসরকারি মিলিয়ে প্রায় ১৮০টি বিশ্ববিদ্যালয় রয়েছে। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে প্রথম বর্ষে ভর্তির জন্য প্রায় ৬৩ হাজার আসন রয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ও অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে রয়েছে ১০ লাখের বেশি আসন। পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে চার লাখের বেশি আসন রয়েছে।
ইউজিসি চেয়ারম্যান বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর স্বায়ত্তশাসন ও নিজস্ব আইনগত ক্ষমতার প্রতি শ্রদ্ধা রেখেই ভর্তি কার্যক্রমে সমন্বয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো নিজ নিজ আইন ও বিধিবিধান অনুযায়ী ভর্তি কার্যক্রম পরিচালনা করবে। ইউজিসি শুধু সহযোগিতা ও সমন্বয়ের ভূমিকা পালন করবে। কোনো সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়গুলোর ওপর চাপিয়ে দেওয়া হবে না।
এমএইচ/এআর