সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

ভর্তি পরীক্ষা পেছাবে না ঢাকা বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৬, ০৫:০৮ পিএম

শেয়ার করুন:

ভর্তি পরীক্ষা পেছাবে না ঢাকা বিশ্ববিদ্যালয়
সংগৃহীত ছবি

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুরোধ সত্ত্বেও ভর্তি পরীক্ষার সময়সূচি পরিবর্তন না করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। ফলে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। একই সঙ্গে ভর্তির আবেদনসহ অন্যান্য কার্যক্রমও নির্ধারিত সময় পর্যন্ত চলবে।

সোমবার (৯ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী।

উপ-উপাচার্য বলেন, আমাদের নির্ধারিত সময়েই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সভায় সবার সম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে, আবেদন থেকে শুরু করে সব কার্যক্রম পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী চলবে।

এর আগে সোমবার পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে মতবিনিময় সভায় ভর্তি পরীক্ষা পিছিয়ে দেওয়ার অনুরোধ জানায় ইউজিসি। চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্মূল্যায়ন এবং সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ভর্তির সুযোগ নিশ্চিত করতেই এ অনুরোধ জানানো হয়।

সভা শেষে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ জানান, আগামী জানুয়ারি থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির আবেদন গ্রহণ এবং ফেব্রুয়ারি থেকে পরীক্ষা আয়োজনের বিষয়ে আলোচনা হয়েছে। ইতোমধ্যে যেসব বিশ্ববিদ্যালয় পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে, তাদেরও শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় তা পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে।

তবে ইউজিসির এ আহ্বানের পরও নিজেদের পূর্বঘোষিত সময়সূচি বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এমএইচ/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর