Dhaka Mail Logo

শিক্ষা

উপজেলা প্রশাসনের সহযোগিতায় চলছে প্রাথমিক বিদ্যালয়, সরকারিকরণের দাবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৯ নভেম্বর ২০২৬, ১২:১৭ পিএম

উপজেলা প্রশাসন দোহারের নিজস্ব তত্বাবধানে উপজেলার মাহমুদপুর ইউনিয়নে পরিচালিত হচ্ছে ‘চরকুসুমহাটি আলোরধারা প্রাথমিক বিদ্যালয়’। এই বিদ্যালয়ে দুই শতাধিক ছিন্নমূল শিশু পড়াশোনা করছে। এ জন্য বিদ্যালয়টিকে দ্রুত সরকারিকরণের দাবি জানিয়েছেন শিক্ষক ও অভিভাবকরা।

উপজেলা প্রশাসন জানায়, স্কুলটি রেজিষ্ট্রেশনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস যথাযথ কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে।

ঢাকা জেলার সর্বদক্ষিণের উপজেলা দোহার। এই উপজেলার মাহমুদপুর ইউনিয়নে অবস্থিত চরকুসুমহাটি আলোরধারা প্রাথমিক বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে অবহেলিত। স্কুলে ৬ জন শিক্ষক রয়েছেন। শিক্ষার্থী সব সমাজে সুবিধাবঞ্চিত। 

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাঈদুল ইসলাম বলেন, আমাদের নিজস্ব তত্ত্বাবধানে স্কুলটি পরিচালিত হচ্ছে। শিক্ষকদের বেতনভাতা উপজেলা প্রশাসন থেকেই নির্বাহ করা হয়। যেহেতু স্কুলের বাচ্চাদের বেতন দেওয়ার সক্ষমতা নেই।

ইউএনও বলেন, কিছুদিন আগে আমি নিজস্ব তত্ত্বাবধানে স্কুলের পাঠদানের অনুমতি নিয়েছি। স্কুলের রেজিষ্ট্রেশনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস যথাযথ কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছি। স্কুলটি সরকারিকরণ করা হলে এই এলাকার মানুষ উপকৃত হবে। স্কুলটি সকলের সহযোগিতা নিয়ে পরিচালিত হলে ভবিষ্যতে শিক্ষার উন্নয়ন করা সহজ হবে। 

জানা যায়, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিদ্যালয়ের বাচ্চাদের জন্য বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হচ্ছে।  বাচ্চাদের পুষ্টিমান সম্পর্কে অবহিত করতে ফল উৎসব ও সিদ্ধ ডিম খাওয়ার আয়োজন করা হয়।

প্রথমিক এই বিদ্যালটিকে জরুরি ভিত্তিতে সরকারিকরণ দাবি জানিয়েছেন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের অভিভাবকরা।

বিইউ/এসআই