Dhaka Mail Logo

শিক্ষা

এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের আবেদনের সময় বাড়ল ১২ ঘণ্টা

নিজস্ব প্রতিবেদক

০৭ নভেম্বর ২০২৬, ১১:০৭ পিএম

কারিগরি ত্রুটির কারণে আবেদন করতে না পারা শিক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের আবেদনের সময় আরও ১২ ঘণ্টা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রোববার (৮ নভেম্বর) দুপুর ১২টা পর্যন্ত আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা।

শনিবার (৭ নভেম্বর) রাতে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত অনলাইন ব্যবস্থায় কারিগরি ত্রুটি দেখা দেয়। এতে উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের আবেদন প্রক্রিয়া বিঘ্নিত হয়। ফলে নির্ধারিত সময়ে অনেক পরীক্ষার্থী আবেদন করতে পারেননি।

এর আগে, শনিবার রাত ১২টা পর্যন্ত আবেদনের শেষ সময় নির্ধারিত ছিল। তবে অনলাইন ব্যবস্থায় সমস্যার কারণে শিক্ষার্থীদের ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে আবেদনের সময়সীমা রোববার দুপুর ১২টা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

এতে এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর পরীক্ষার্থী, অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানসহ সংশ্লিষ্ট সবাইকে নতুন সময়সীমা সম্পর্কে অবহিত করা হয়েছে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানায়, নির্ধারিত সাত দিনে ২ লাখ ৭৮ হাজার ৮৮২ জন শিক্ষার্থী মোট ১০ লাখ ৩৭ হাজার ৭১৭টি খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন। আগামী ২৭ নভেম্বর পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান শনিবার রাতে বলেন, ‘নির্ধারিত সময়ের মধ্যে ২ লাখ ৭৮ হাজার ৮৮২ জন শিক্ষার্থী ফল পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের আবেদন করেছেন। একজন শিক্ষার্থী একাধিক বিষয় ও পত্রের জন্য আবেদন করতে পারেন। সব মিলিয়ে আবেদনের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ৩৭ হাজার ৭১৭টি।’

এমএইচ/এএম