চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় কোনো শিক্ষার্থী উত্তীর্ণ না হওয়ায় ঢাকার ২৬টি শিক্ষাপ্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। একই সঙ্গে সংশ্লিষ্ট কলেজগুলোর অধ্যক্ষদের বোর্ডের জরুরি সভায় উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বোর্ডের কলেজ পরিদর্শক (অতিরিক্ত দায়িত্ব) কুদরাত ই খুদার স্বাক্ষরে সংশ্লিষ্ট কলেজগুলোর অধ্যক্ষদের কাছে এ নোটিশ পাঠানো হয়।
নোটিশে উল্লেখ করা হয়েছে, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। এমন ফলাফলের জন্য প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বিধি অনুযায়ী কেন প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে লিখিত ও সুস্পষ্ট ব্যাখ্যা দিতে হবে।
এ বিষয়ে আগামী মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টায় শিক্ষা বোর্ডের সভাকক্ষে অধ্যক্ষদের সশরীরে উপস্থিত থাকতে বলা হয়েছে। পাশাপাশি গত পাঁচ বছরের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম-সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে আনার নির্দেশনাও দেওয়া হয়েছে।
এম/এএস




