Dhaka Mail Logo

শিক্ষা

নতুন ৩৭৬ শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক

০৫ নভেম্বর ২০২৬, ০৪:০৫ পিএম

দেশের বিভিন্ন বেসরকারি স্কুল-কলেজে নতুন নিয়োগ পাওয়া ৩৭৬ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। তাদের মধ্যে স্কুল পর্যায়ের ২৭২ জন এবং কলেজ পর্যায়ের ১০৪ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। একই সঙ্গে এক হাজার ৫৯৪ জনকে বিএড স্কেল এবং পাঁচ হাজার ৪৭৪ জনকে উচ্চতর স্কেল দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) মাউশির নভেম্বর মাসের এমপিও (বেতন-ভাতার সরকারি অংশ) কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।

সভায় অংশ নেওয়া একাধিক কর্মকর্তার বরাতে জানা গেছে, নতুন এমপিওভুক্তির সিদ্ধান্ত পাওয়া স্কুল পর্যায়ের ২৭২ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ১৭ জন, চট্টগ্রামের পাঁচজন, কুমিল্লার আটজন, ঢাকার ৪০ জন, খুলনার ১৪ জন, ময়মনসিংহের ৩৩ জন, রাজশাহীর ৭৫ জন, রংপুরের ৭৭ জন এবং সিলেটের তিনজন রয়েছেন।

অন্যদিকে কলেজ পর্যায়ে নতুন করে ১০৪ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। তাদের মধ্যে ঢাকা ও রাজশাহী অঞ্চলের শিক্ষক-কর্মচারীর সংখ্যা বেশি।

নতুন এমপিওভুক্তির পাশাপাশি শিক্ষক-কর্মচারীদের বেতন স্কেলসংক্রান্ত আবেদনও নিষ্পত্তি করা হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী, এক হাজার ৫৯৪ জন শিক্ষক-কর্মচারী বিএড স্কেল এবং পাঁচ হাজার ৪৭৪ জন উচ্চতর স্কেল পাবেন।

এমপিওভুক্তির মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের যোগ্য শিক্ষক-কর্মচারীরা তাদের বেতন-ভাতার সরকারি অংশ পাওয়ার সুযোগ পান। অন্যদিকে নির্ধারিত যোগ্যতা ও শর্ত পূরণ সাপেক্ষে বিএড ও উচ্চতর স্কেলের সুবিধা দেওয়া হয়।

সভায় শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং মাউশির নয়টি অঞ্চলের পরিচালক ও উপপরিচালকেরা অংশ নেন।

এমএইচ/এআরএম