বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

কিউএস র‍্যাংকিংয়ে ৫০ ধাপ এগিয়ে নোবিপ্রবি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, নোবিপ্রবি
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৬, ০৩:০৯ পিএম

শেয়ার করুন:

কিউএস র‍্যাংকিংয়ে ৫০ ধাপ এগিয়ে নোবিপ্রবি

বিশ্বের উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর র‍্যাংকিং প্রকাশকারী সংস্থা কোয়াকোয়ারেলি সাইমন্ডস (কিউএস) প্রকাশিত ‘এশিয়া ইউনিভার্সিটি র‍্যাংকিং ২০২৭’-এ অগ্রগতি হয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি)। গত মঙ্গলবার প্রকাশিত এ তালিকায় আগের বছরের তুলনায় ৫০ ধাপ এগিয়ে ৮০১-৮৫০তম ব্যান্ডে জায়গা করে নিয়েছে বিশ্ববিদ্যালয়টি। এর আগের বছর প্রতিষ্ঠানটির অবস্থান ছিল ৮৫১-৯০০তম ব্যান্ডে।

এবারের র‍্যাংকিংয়ে এশিয়ার ২৬টি দেশের ১ হাজার ৭২০টিরও বেশি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর মধ্যে বাংলাদেশের ৫২টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথভাবে ২৬তম অবস্থানে রয়েছে নোবিপ্রবি। দক্ষিণ এশিয়ার তালিকায় বিশ্ববিদ্যালয়টির অবস্থান ২৪৭তম। আর দেশের বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক বিশেষায়িত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পঞ্চম অবস্থানে রয়েছে প্রতিষ্ঠানটি। দেশীয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে তালিকার শীর্ষে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

কিউএসের বিভিন্ন পারফরম্যান্স সূচক বিশ্লেষণে দেখা যায়, গবেষণা ও উদ্ভাবন খাতের অগ্রগতি নোবিপ্রবির অবস্থান উন্নয়নে ভূমিকা রেখেছে। সূচকগুলোর মধ্যে ‘প্রতি গবেষণাপত্রে উদ্ধৃতি’ (Citations per Paper) বিভাগে সর্বোচ্চ ৮৪ দশমিক ৫ নম্বর (১০০-এর মধ্যে) পেয়েছে বিশ্ববিদ্যালয়টি। এ সূচকে এশিয়ায় এর অবস্থান ১৭৫তম। এ ছাড়া ‘আন্তর্জাতিক গবেষণা নেটওয়ার্ক’ (International Research Network) বিভাগে ৭৩ দশমিক ২ নম্বর পেয়ে এশিয়ায় ৩৭৬তম অবস্থানে রয়েছে নোবিপ্রবি।

অন্য সূচকগুলোর মধ্যে শিক্ষকপ্রতি গবেষণাপত্রে ২৪ দশমিক ৮, পিএইচডিধারী শিক্ষক সূচকে ১২ দশমিক ৭, শিক্ষক-শিক্ষার্থী অনুপাতে ১০ দশমিক ৫, একাডেমিক সুনামে ৮ দশমিক ৩, নিয়োগকর্তাদের মূল্যায়নে ৪ দশমিক ৬, বিদেশে শিক্ষার্থী বিনিময়ে ৩ দশমিক ৮, আন্তর্জাতিক শিক্ষার্থী সূচকে ১ দশমিক ২ এবং আন্তর্জাতিক শিক্ষক ও বিদেশি শিক্ষার্থী বিনিময়—উভয় সূচকে ১ দশমিক ০ নম্বর পেয়েছে বিশ্ববিদ্যালয়টি। এসব ক্ষেত্রে আরও উন্নতির সুযোগ রয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বিশ্ববিদ্যালয়ের এ অর্জনে সন্তোষ প্রকাশ করে র‍্যাংকিং অ্যান্ড স্ট্র্যাটেজিক ডেভেলপমেন্ট সেলের অতিরিক্ত পরিচালক ও ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফাহাদ হোসেন বলেন, “আন্তর্জাতিক র‍্যাংকিংয়ের প্রতিযোগিতায় স্থায়ীভাবে টিকে থাকতে হলে আমাদের যুগোপযোগী ও উদ্ভাবনী পদক্ষেপ বাড়াতে হবে। একই সঙ্গে র‍্যাংকিং সেলকে আরও গতিশীল করে একাডেমিক সুনাম বৃদ্ধি এবং আন্তর্জাতিক নেটওয়ার্ক বাড়ানোর মাধ্যমে বিদেশি শিক্ষার্থী ও শিক্ষকদের আকর্ষণ করতে হবে। এই ৫০ ধাপের অগ্রগতি আমাদের জন্য দারুণ এক অনুপ্রেরণা।”

নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, “বৈশ্বিক এই সাফল্য পুরো নোবিপ্রবি পরিবারের সম্মিলিত শ্রম ও সাধনার ফসল। শিক্ষার মান উন্নত করা এবং বিশ্বমানের গবেষণাধর্মী পরিবেশ তৈরিতে আমরা সবসময় বদ্ধপরিকর। ভবিষ্যতের র‍্যাংকিংয়ে আরও উঁচুতে পৌঁছাতে এই অর্জন আমাদের দারুণভাবে উৎসাহিত করবে।”

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর