Dhaka Mail Logo

শিক্ষা

শিল্প খাতের সঙ্গে কারিগরি শিক্ষার সংযোগ বাড়াতে হবে: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

০৫ নভেম্বর ২০২৬, ১২:২২ পিএম

দেশের কারিগরি শিক্ষাকে শিল্প খাতের চাহিদার সঙ্গে আরও বেশি সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দিয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না থেকে কারিগরি শিক্ষা ও শিল্প প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সম্পর্ক গড়ে তুলতে হবে। এক্ষেত্রে চীনের সঙ্গে শিক্ষা, প্রযুক্তি ও শিল্প খাতে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে রাজধানীর শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে চীন-বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশের কারিগরি শিক্ষার উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ। বিশেষ করে চীনের সঙ্গে বিদ্যমান সম্পর্ক কাজে লাগিয়ে শিক্ষা ও প্রযুক্তি খাতে নতুন নতুন সহযোগিতার ক্ষেত্র তৈরি করতে হবে।

তিনি আরও বলেন, আমরা চাই, চীনের সঙ্গে আমাদের কারিগরি শিক্ষা, প্রযুক্তি এবং শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা আরও জোরদার হোক। এক্ষেত্রে শিক্ষা ও শিল্পের মধ্যে কার্যকর সম্পর্ক গড়ে তোলা অত্যন্ত জরুরি।

শিক্ষামন্ত্রী জানান, বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষা, বিশেষ করে কারিগরি শিক্ষায় সহযোগিতার নতুন যাত্রা শুরু হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে দুই দেশের শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্প খাতের মধ্যে যোগাযোগ আরও বাড়বে আশা করি।

সরকারের শিক্ষা পরিকল্পনার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দিচ্ছেন, যেখানে শিক্ষার্থীরা সাধারণ পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি, প্রযুক্তি ও কারিগরি শিক্ষার সুযোগ পাবে। কারিগরি শিক্ষাকে বিশেষ গুরুত্ব দিয়ে এ খাতের উন্নয়নে সরকার কাজ করছে।

EM1

ড. মিলন বলেন, শিক্ষার্থীদের জন্য শুধু পাঠ্যবই নির্ভর শিক্ষা নয়, প্রযুক্তি ও কারিগরি শিক্ষার সুযোগও নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্য বাস্তবায়নে চীনের সঙ্গে সহযোগিতা আরও সম্প্রসারণ করতে চায় সরকার।

বাংলাদেশ ও চীনের সম্পর্কের কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সূচনা হয়েছিল। সেই সম্পর্কের ধারাবাহিকতা এখনও বজায় রয়েছে।

তিনি আরও বলেন, গত জুনে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মাধ্যমে দুই দেশের সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি হয়েছে। ওই সফরকে সফল উল্লেখ করে শিক্ষামন্ত্রী আশা প্রকাশ করেন, ভবিষ্যতে শিক্ষা ও প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে এ সহযোগিতা আরও বিস্তৃত হবে।

শিক্ষামন্ত্রী বলেন, গত মাসে প্রধানমন্ত্রী একটি চুক্তিতে স্বাক্ষর করেছেন। এর আগে গত জুনে তিনি চীন সফর করেছেন।

প্রধানমন্ত্রীর ওই সফর অত্যন্ত সফল ছিল উল্লেখ করে তিনি আরও বলেন, সফরের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে সহযোগিতার যেসব নতুন সম্ভাবনা তৈরি হয়েছে, সেগুলো আগামী দিনে আরও বিস্তৃত হবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় থেকে গড়ে ওঠা দুই দেশের এই সম্পর্ক ভবিষ্যতেও অটুট থাকবে এমনটাই প্রত্যাশা।

এমএইচ/এম/এফএ