নিজস্ব প্রতিবেদক
৩১ অক্টোবর ২০২৬, ১২:৫৩ পিএম
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় ঢাকা কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছেন ৬৮৮ জন শিক্ষার্থী। এবার প্রতিষ্ঠানটির এক হাজার ১৪৩ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন এক হাজার ১৩৬ জন। সে হিসাবে কলেজটির পাসের হার দাঁড়িয়েছে ৯৯ দশমিক ৩৮ শতাংশ।
শনিবার (৩১ অক্টোবর) ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে। কলেজ কর্তৃপক্ষও ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছে।
কলেজের বিভাগভিত্তিক ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, বিজ্ঞান বিভাগ থেকে এবার পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৮৬১ জন শিক্ষার্থী। তাদের মধ্যে পাস করেছেন ৮৫৪ জন। এ বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন ৬৪১ জন।
অন্যদিকে, মানবিক বিভাগ থেকে ১৪৮ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ১৪৬ শিক্ষার্থী। এ বিভাগে জিপিএ-৫ পেয়েছেন ১২ জন। আর ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১৩৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১২৯ জন। এ বিভাগে জিপিএ-৫ পেয়েছেন ৩৫ জন শিক্ষার্থী।
ফলাফলে সন্তোষ প্রকাশ করে ঢাকা কলেজের শিক্ষার্থী নাজমুস সালেকিন রাইয়ান বলেন, বিগত বছরগুলোর তুলনায় এবারের এইচএসসি পরীক্ষা তুলনামূলক অনেক কঠিন ছিল। এরপরও জিপিএ-৫ অর্জন করতে পেরে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আগের বছরগুলোর তুলনায় এবার পরীক্ষাকেন্দ্রে নজরদারি অনেক বেশি কঠোর ছিল। পাশাপাশি বন্যার মধ্যেও আমাদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সব মিলিয়ে বেশ কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে পরীক্ষায় অংশ নিতে হয়েছে।
ঢাকা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আনোয়ার মাহমুদ বলেন, গতবারের তুলনায় এবার কলেজের সামগ্রিক পাসের হার বেড়েছে। গত বছর পাসের হার ছিল ৯৯ দশমিক ২৯ শতাংশ। এবার তা বেড়ে দাঁড়িয়েছে ৯৯ দশমিক ৩৮ শতাংশে।
তিনি বলেন, সার্বিক পরিস্থিতিতে সারাদেশে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা আগের তুলনায় অর্ধেকের নিচে নেমে এসেছে। পাসের হারও কমে ৫২ শতাংশে দাঁড়িয়েছে। সেই বিবেচনায় ঢাকা কলেজের ফলাফল আরও ভালো হতে পারত।
উপাধ্যক্ষ আরও বলেন, ৫ আগস্টের পর বিভিন্ন কারণে শিক্ষার্থীরা নানা ধরনের প্রতিবন্ধকতার মধ্যে ছিল। এমন পরিস্থিতিতেও কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে।
এর আগে, শনিবার বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত অনুষ্ঠানে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন।
এম/এসআই