Dhaka Mail Logo

শিক্ষা

এইচএসসি পরীক্ষায় বিভিন্ন বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ এর সংখ্যা কত?

নিজস্ব প্রতিবেদক

৩১ অক্টোবর ২০২৬, ১২:২৪ পিএম

চলতি বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল পৌনে ১১টার দিকে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই ফলাফল প্রকাশিত হয়। 

প্রকাশিত ফলাফলে ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। পরীক্ষায় মোট পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ শিক্ষার্থী। আর জিপিএ-৫ পেয়েছেন মোট ৪০ হাজার ৮৪ জন।

কোন বোর্ডে কত শতাংশ পাস

সর্বশেষ পাওয়া তথ্যমতে, ঢাকা বোর্ডে পাসের হার ৬১ দশমিক ৮০, চট্টগ্রাম বোর্ডে ৫২ দশমিক ০৭, যশোর বোর্ডে ৪৪ দশমিক ৯২, বরিশাল বোর্ডে ৪৪ দশমিক ৮৪, সিলেট বোর্ডে ৫০ দশমিক ৯০, কুমিল্লা ৪৮ দশমিক ০৪, ময়মনসিংহ ৫১ দশমিক ৪৪, দিনাজপুর বোর্ডে ৪৫ দশমিক ৯৮ এবং রাজশাহী বোর্ডে ৪৫ দশমিক ০৬ শতাংশ। 

আরও পড়ুন:

এইচএসসিতে ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে একজনও পাস করেনি

এইচএসসিতে এবারও ফল বিপর্যয়, ২১ বছরের মধ্যে পাসের হার সর্বনিম্ন

এ ছাড়া মাদ্রাসা বোর্ডে পাস করেছেন ৬১ দশমিক সাত শতাংশ এবং কারিগরি বোর্ডে পাসের হার ৪৯ দশমিক ৪৩ শতাংশ।

কোন বোর্ডে জিপিএ-৫ কত

ঘোষিত ফলাফল অনুযায়ী, ঢাকা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ১৬ হাজার ৭১৪ শিক্ষার্থী, কুমিল্লা বোর্ডে পেয়েছেন এক হাজার ৩১৩ জন শিক্ষার্থী, বরিশাল বোর্ডে পেয়েছেন পাঁচ হাজার ৯৫০ জন শিক্ষার্থী, যশোর বোর্ডে পেয়েছেন তিন হাজার ২২৮ শিক্ষার্থী এবং দিনাজপুর বোর্ডে পেয়েছেন দুই হাজার ৯৫৩ শিক্ষার্থী।

সিলেট বোর্ডে এক হাজার ২০৪ জন শিক্ষার্থী, রাজশাহী বোর্ডে পেয়েছেন চার হাজার ৫২০ জন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে দুই হাজার ৯২৯ জন এবং ময়মনসিংহ শিক্ষা বোর্ডে দুই হাজার ১৩৭ জন জিপিএ-৫ পেয়েছেন।

এ ছাড়া মাদরাসা বোর্ডে তিন হাজার ২৫০ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৮৮৬ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছেন।

গত ২ জুলাই চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। লিখিত পরীক্ষা ৮ আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা স্থগিত করা হয়। পরে এসব পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ বছর নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। তবে বেশকিছু সংখ্যক পরীক্ষার্থী এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় অনুপস্থিত ছিলেন।

কীভাবে ফলফল জানা যাবে

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শিক্ষা বোর্ডের ওয়েবসাইট (eduboardresults.gov.bd) এবং (educationboardresults.gov.bd) থেকে ফলাফল সংগ্রহ করতে হবে। এ জন্য ওয়েবসাইটের ফলাফল বিভাগে গিয়ে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড ও প্রতিষ্ঠানের শিক্ষাপ্রতিষ্ঠান শনাক্তকরণ নম্বর (ইআইআইএন) দিয়ে ফলাফল ডাউনলোড করা যাবে।

এ ছাড়া পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফলাফল সংগ্রহ করতে পারবেন। শিক্ষা বোর্ডের দুটি কেন্দ্রীয় ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটেও ফলাফল পাওয়া যাবে।