নিজস্ব প্রতিবেদক
১৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ পিএম
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আলিম শ্রেণিতে সর্বশেষ তৃতীয় ধাপের ভর্তি আবেদন শুরু হচ্ছে আগামী ২৬ অক্টোবর। আবেদন করা যাবে ২৭ অক্টোবর রাত ৮টা পর্যন্ত। এ ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম চলবে ২ থেকে ৩ নভেম্বর পর্যন্ত।
রোববার (১৮ অক্টোবর) বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, তৃতীয় ধাপে ভর্তির জন্য আবেদন গ্রহণ করা হবে ২৬ ও ২৭ অক্টোবর। এ ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ৩০ অক্টোবর রাত ৮টায়। নির্বাচিত শিক্ষার্থীদের ৩১ অক্টোবর রাত ৮টার মধ্যে ভর্তি নিশ্চায়ন করতে হবে। নিশ্চায়ন না করলে শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।
নিশ্চায়ন করা শিক্ষার্থীদের পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১ নভেম্বর রাত ৮টায়। এরপর ২ ও ৩ নভেম্বর নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
ভর্তির আবেদন করতে হবে শিক্ষা বোর্ডগুলোর নির্ধারিত ওয়েবসাইট (https://xiclassadmission.gov.bd) থেকে। ওয়েবসাইটে দেওয়া নির্দেশনা অনুসরণ করে শিক্ষাপ্রতিষ্ঠানে আসনসংখ্যা বিবেচনায় নিয়ে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি প্রতিষ্ঠানে আবেদন করা যাবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব শিক্ষার্থী আগে আবেদন করেনি, আবেদন করেও কোনো মাদরাসায় নির্বাচিত হয়নি, চূড়ান্ত মনোনয়ন পেয়েও নিশ্চায়ন করতে পারেনি কিংবা নির্ধারিত সময়ে ভর্তি হতে পারেনি, তারা এ ধাপে আবেদন করতে পারবে। এ ছাড়া ভুল কোটা নির্ধারণের কারণে মনোনয়ন পেয়েও ভর্তি হতে না পারা শিক্ষার্থীরাও আবেদনের সুযোগ পাবে।
দ্বিতীয় ধাপে আবেদন করেও কোনো মাদরাসায় নির্বাচিত না হওয়া শিক্ষার্থীদের তৃতীয় ধাপে আবেদনের জন্য নতুন করে ২২০ টাকা আবেদন ফি দিতে হবে না। এক্ষেত্রে ভর্তি ওয়েবসাইটে লগইন করে মাদরাসা নির্বাচন ও পছন্দক্রম সম্পাদন করতে হবে।
অন্যদিকে, আগে নিশ্চায়ন করা কোনো শিক্ষার্থী তৃতীয় ধাপে আবেদন করতে চাইলে ২৭ অক্টোবর বিকেল ৪টার মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে গিয়ে আগের নিশ্চায়ন বাতিল করতে হবে। সরকারি ছুটির দিন ব্যতীত এ কার্যক্রম সম্পন্ন করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, তৃতীয় ধাপই ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে অনলাইনে একাদশ ও আলিম শ্রেণিতে ভর্তির সর্বশেষ ধাপ। তাই শিক্ষার্থীদের কোটার যোগ্যতা যাচাই করে সতর্কতার সঙ্গে আবেদন করতে হবে। ফল প্রকাশের পর নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন ফি জমা দেওয়া এবং মনোনীত প্রতিষ্ঠানে ভর্তির সব কার্যক্রম সম্পন্ন করার জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের অনুরোধ জানিয়েছে বোর্ড।
এম/এফএ