Dhaka Mail Logo

শিক্ষা

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটি গঠন স্থগিত

নিজস্ব প্রতিবেদক

১৫ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ পিএম

দেশের বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠন কার্যক্রম স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন কোনো পরিচালনা কমিটি গঠন করা যাবে না।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা স্তরের ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত প্রবিধানমালা, ২০২৬’ এখনও চূড়ান্ত হয়নি।

এ কারণে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি গঠন কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার অনুরোধ জানিয়েছে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

তবে নতুন প্রবিধানমালা কবে চূড়ান্ত হবে কিংবা কবে থেকে কমিটি গঠনের কার্যক্রম আবার শুরু করা যাবে, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু জানানো হয়নি।

এমএইচ/এএম