Dhaka Mail Logo

শিক্ষা

মানারাত ইউনিভার্সিটিতে মালয়েশিয়ায় উচ্চশিক্ষা বিষয়ক আন্তর্জাতিক সেমিনার

নিজস্ব প্রতিবেদক

১২ অক্টোবর ২০২৬, ১০:০০ পিএম

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (এমআইইউ) ইউনিভার্সিটি সায়েন্স ইসলাম মালয়েশিয়া (ইউএসআইএম) ও দেশটির অন্যান্য বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ ও সম্ভাবনা নিয়ে এক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) বিকেলে আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে সেন্টার ফর জেনারেল এডুকেশন (সিজিইডি) এর উদ্যোগে এ সেমিনার আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিবেশবিজ্ঞানী প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব।

সিজিইডির পরিচালক ড. মোহাম্মাদ আবুল আজাদের সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উত্থাপন করেন ইউএসআইএমের ফ্যাকাল্টি অব লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্টের ডিন প্রফেসর ড. মোহাম্মদ রুশদান মোহাম্মদ জাইলানি। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন একই বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বাসেডর প্রফেসর ড. মো. ইউসুফ আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ মো. মনিরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব এ ধরনের আন্তর্জাতিক সেমিনার আয়োজনের মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে অভিজ্ঞতা বিনিময়, শিক্ষা ও গবেষণায় সহযোগিতা এবং পারস্পরিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সেমিনারে ইউনিভার্সিটি সায়েন্স ইসলাম মালয়েশিয়াসহ (ইউএসআইএম) দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ, ভর্তির প্রক্রিয়া ও সম্ভাবনা, দুই দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে শিক্ষার্থী ও শিক্ষক বিনিময় এবং যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বক্তারা।

এই আয়োজনে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. মো. মিজানুর রহমান, স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনোমিকসের ডিন মো. মাহবুবুল আলম, আইন বিভাগের প্রফেসর ড. এবিএম মাহবুবুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। 

অনুষ্ঠান শেষে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এমআইইউ) ও ইউনিভার্সিটি সায়েন্স ইসলাম মালয়েশিয়ার (ইউএসআইএম) মধ্যে একটি প্রাথমিক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

এফএ