বুলগেরিয়ায় অনুষ্ঠেয় ২৩তম আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে অংশ নিতে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের আর্থিক সহায়তায় পাঁচ লাখ টাকা অনুদান দিয়েছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। ব্যাংকটির করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে এ অর্থ দেওয়া হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে সচিবালয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের হাতে অনুদানের চেক তুলে দেন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান ও বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
আগামী ২ থেকে ৯ ডিসেম্বর বুলগেরিয়ায় ২৩তম আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বাংলাদেশি শিক্ষার্থীদের প্রয়োজনীয় আর্থিক সহায়তা দিতেই এ অনুদান দেওয়া হয়েছে।
কমিউনিটি ব্যাংক জানিয়েছে, আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে বিশ্বের বিভিন্ন দেশের স্কুলপড়ুয়া শিক্ষার্থীরা অংশ নেন। এ প্রতিযোগিতায় শিক্ষার্থীরা বিজ্ঞানবিষয়ক জ্ঞান, সৃজনশীলতা ও সমস্যা সমাধানের দক্ষতা প্রদর্শনের সুযোগ পান।
এ ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং তাঁদের মেধা ও সম্ভাবনা বিকাশে সহায়তা দেওয়া গুরুত্বপূর্ণ বলে মনে করে ব্যাংক কর্তৃপক্ষ। একই সঙ্গে এ ধরনের উদ্যোগ দেশে বিজ্ঞানচর্চার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন, কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন, ব্যাংকটির পরিচালক ও বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (এইচআরএম) খোন্দকার রফিকুল ইসলাম এবং অতিরিক্ত উপমহাপরিদর্শক আহম্মদ মুঈদ উপস্থিত ছিলেন।
এমএইচ/এআর




