নিজস্ব প্রতিবেদক
০৯ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পিএম
গাজীপুরে দ্য স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) মহানগরীর পাঁচটি কেন্দ্রে এ পরীক্ষায় অংশ নেয় ৩ হাজার ৫৭৯ শিক্ষার্থী।
দ্য স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয় শুক্রবার সকাল সাড়ে ৮টায়। গাজীপুর মহানগরীর পাঁচটি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা নেওয়া হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩ হাজার ৫৭৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
পরীক্ষা ঘিরে সকাল থেকেই কেন্দ্রগুলোতে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের উপস্থিতি দেখা যায়। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষার কার্যক্রম সম্পন্ন হয়েছে।
পরীক্ষার কেন্দ্রগুলো হলো টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড কলেজ, গাছার কামারজুরি ইউসুফ আলী উচ্চ বিদ্যালয়, গাজীপুর চৌরাস্তার চান্দনা উচ্চ বিদ্যালয়, কাশিমপুর উচ্চ বিদ্যালয় এবং পূবাইলের আল হেরা মডেল একাডেমি।
পরীক্ষার পরিবেশ ও সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন বাংলাদেশ সরকারের সাবেক সচিব আবু মো. মনিরুজ্জামান খান ও শেখ মোতাহার হোসেন।
এ সময় দ্য স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন, গাজীপুরের সাবেক পরিচালক আব্দুল জলিল আকন্দ, সাবেক পরিচালক অ্যাডভোকেট আবদুল্লাহ আল নোমান, বর্তমান পরিচালক ইয়াছিন আরাফাত, সদস্যসচিব হায়দার আলীসহ ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শকেরা পরীক্ষার সুশৃঙ্খল পরিবেশ ও শিক্ষার্থীদের অংশগ্রহণে সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে এ আয়োজন সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের ধন্যবাদ জানান তারা।
এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অভিভাবক ও শিক্ষকেরা। তাদের মতে, মেধাভিত্তিক বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি মেধার বিকাশ এবং সুস্থ প্রতিযোগিতার মানসিকতা তৈরিতে সহায়ক ভূমিকা রাখে।
ফাউন্ডেশন সূত্রে জানা যায়, গাজীপুরে সংস্থাটির বৃত্তি প্রকল্পের কার্যক্রম শুরু হয় ২০১৪ সালে। এরপর থেকে বৃত্তি কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কর্মসূচি পরিচালনা করে আসছে প্রতিষ্ঠানটি।
এসব কর্মসূচির মধ্যে রয়েছে বৃক্ষরোপণ অভিযান, রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন, রক্তদান কর্মসূচি, সাক্ষরতা অভিযান ও শিক্ষা সহায়িকা বিতরণ। শিক্ষার্থীদের কল্যাণ নিশ্চিত করা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এসব কার্যক্রম নিয়মিত আয়োজন করছে ফাউন্ডেশনটি।
এম/এআরএম