শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ঢাকা

শুধু সনদ-ডিগ্রিতে সাফল্য সম্ভব নয়: ববি হাজ্জাজ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২৬, ০২:৫৪ পিএম

শেয়ার করুন:

শুধু সনদ-ডিগ্রিতে সাফল্য সম্ভব নয়: ববি হাজ্জাজ
দ্বিতীয় ইউল্যাব-টেসলবিডি আন্তর্জাতিক ইএসপি সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

কেবল প্রাতিষ্ঠানিক সনদ বা ডিগ্রি অর্জন করলেই কর্মক্ষেত্রে কাঙ্ক্ষিত সাফল্য পাওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

তিনি বলেছেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখতে তরুণদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বাস্তবমুখী, প্রযুক্তিগত ও ভাষাগত দক্ষতা অর্জন করতে হবে।

শুক্রবার (৯ অক্টোবর) রাজধানীর ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) অনুষ্ঠিত দ্বিতীয় ইউল্যাব-টেসলবিডি আন্তর্জাতিক ইএসপি (ইংলিশ ফর স্পেসিফিক পারপাস) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনের আয়োজন করে টেসলবিডি ও ইউল্যাব।

ববি হাজ্জাজ বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতি দ্বিগুণ করার লক্ষ্য অর্জনে তরুণদের দক্ষ ও আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। এ জন্য ইংরেজিতে যোগাযোগের দক্ষতা, প্রযুক্তিগত জ্ঞান এবং বাস্তব সমস্যা সমাধানের সক্ষমতা বাড়ানো জরুরি।

তিনি বলেন, প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত ইংরেজি শিক্ষায় এখনো নানা চ্যালেঞ্জ রয়েছে। মুখস্থনির্ভর পড়াশোনার পরিবর্তে ভাষার ব্যবহারিক প্রয়োগ ও যোগাযোগের দক্ষতা বাড়াতে হবে। পাশাপাশি শিক্ষকদের ভাষাগত দক্ষতা উন্নয়নেও গুরুত্ব দিতে হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, ভাষাগত দুর্বলতার কারণে অনেক মেধাবী শিক্ষার্থী জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের যোগ্যতা তুলে ধরতে পারেন না। এ সমস্যা কাটিয়ে উঠতে ইংরেজি চর্চার পাশাপাশি বাংলায় জ্ঞান ও প্রযুক্তিগত পরিভাষা সহজলভ্য করাও প্রয়োজন।

তরুণদের কর্মসংস্থান, স্থিতিশীল আয় এবং উদ্যোক্তা হওয়ার সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে ববি হাজ্জাজ বলেন, কর্মমুখী শিক্ষা, উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা মানসিকতা গড়ে তুলতে পারলে তরুণেরা দেশের অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ড. শামসাদ মর্তুজার সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মাসুমা হাবিব, রিয়েলি ইংলিশের প্রধান নির্বাহী কর্মকর্তা নাইজেল কিলিক এবং সাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক।

এমআইকে/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর