নিজস্ব প্রতিবেদক
২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ পিএম
দেশের সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের ৩য় ও ৪র্থ সেমিস্টারে ভর্তির জন্য নির্বাচিত ও অপেক্ষমাণ শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বিভিন্ন টেকনোলজি ও শিফটের এ তালিকা প্রকাশ করা হয়।
২০২৫-২৬ ও ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য প্রকাশিত তালিকায় সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এবং সার্ভে ইনস্টিটিউটের বিভিন্ন প্রযুক্তির আসন অন্তর্ভুক্ত করা হয়েছে। মেধার ভিত্তিতে এসব আসনে শিক্ষার্থীদের মনোনয়ন দেওয়া হয়েছে।
সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর মধ্যে ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, বগুড়া, নওগাঁ, রাজশাহী, পাবনা, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, ঢাকা, সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের বিভিন্ন টেকনোলজিতে আসন বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট ও ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির আসনও তালিকায় রাখা হয়েছে।
সিভিল, ইলেকট্রিক্যাল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, মেকানিক্যাল, পাওয়ার, ইলেকট্রনিক্স, আর্কিটেকচার, ফুড, সার্ভেয়িং ও শিপবিল্ডিংসহ বিভিন্ন টেকনোলজিতে শিক্ষার্থীদের মনোনয়ন দেওয়া হয়েছে। এসব প্রতিষ্ঠানের প্রথম ও দ্বিতীয় শিফটের আসনও তালিকায় রয়েছে।
এ ছাড়া দেশের বিভিন্ন বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ও টেকনিক্যাল কলেজের সংশ্লিষ্ট টেকনোলজির নির্বাচিত ও অপেক্ষমাণ শিক্ষার্থীদের তালিকাও প্রকাশ করা হয়েছে। এর মধ্যে রেইনবো, অ্যাপটাচ, টিএমএসএস, ড্যাফোডিল, আইডিয়াল, ইউসিইপি ও এনপিআইসহ বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে।
প্রকাশিত তালিকায় শিক্ষার্থীদের রোল নম্বর, শিক্ষা বোর্ড ও পাসের সালসহ প্রয়োজনীয় তথ্য দেওয়া হয়েছে। তালিকায় নির্বাচিত শিক্ষার্থীদের পরবর্তী ভর্তি কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কারিগরি শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুসরণ করতে হবে।
ভর্তি-সংক্রান্ত পরবর্তী কার্যক্রম সম্পন্ন করার ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নোটিশবোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের অফিসিয়াল মাধ্যমে প্রকাশিত নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।
এম/এএম