বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ পিএম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘কনফুসিয়াস ইনস্টিটিউট’। চীনের ইউনান মিনজু বিশ্ববিদ্যালয় এবং চবির যৌথ উদ্যোগে এই ইনস্টিটিউট প্রতিষ্ঠা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে চবির কলা ও মানববিদ্যা অনুষদের পঞ্চম তলায় ফলক উন্মোচনের মাধ্যমে কার্যক্রমের সূচনা হয়। এরপর দুপুরে ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে আলোচনা সভা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়।
ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো. কামাল উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান। অতিথি ছিলেন চীনের ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের পার্টি কমিটির সম্পাদক রুয়ান ঝাওছি।
বিশেষ অতিথি ছিলেন- চবি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সালেহ্ জহুর এবং কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইকবাল শাহীন খান।
চবি উপাচার্য ড. আল্-ফোরকান বলেন, কনফুসিয়াস ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যাোগ চবিকে আন্তর্জাতিকীকরণ, ভাষা শিক্ষা, সাংস্কৃতিক বিনিময় এবং গবেষণার ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। চীন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন ও অর্থনৈতিক অংশীদার। ফলে চীনা ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জ্ঞান আমাদের শিক্ষার্থীদের আন্তর্জাতিক কর্মক্ষেত্রে আরও প্রস্তুত করে তুলতে পারে।
চীনের ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের পার্টি কমিটির সম্পাদক রুয়ান চাওছি বলেন, চবির সঙ্গে অংশীদারত্বেরভিত্তিতে কনফুসিয়াস ইনস্টিটিউট প্রতিষ্ঠা করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। একই সঙ্গে এই অংশীদারত্ব আমাদের ওপর একটি গুরুত্বপূর্ণ দায়িত্বও অর্পণ করেছে। এর মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয়ের পারস্পরিক সহযোগিতা শিক্ষা, গবেষণা, ভাষা ও সংস্কৃতির বিনিময়কে আরও সমৃদ্ধ করবে।
এছাড়াও অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন- চবির কনফুসিয়াস ইনস্টিটিউটের চীনা পরিচালক জিয়া ওয়াংওয়েই। অনুষ্ঠান সঞ্চালনা করেন চবি ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক ও অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন ও আধুনিক ভাষা ইনস্টিটিউটের খণ্ডকালীন চাইনিজ ভাষা শিক্ষক আয়েশা পারলীন।
প্রতিনিধি/এলএ