মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

চবির নতুন প্রক্টর অধ্যাপক কামরুল হোসেন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, চবি
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ পিএম

শেয়ার করুন:

চবির নতুন প্রক্টর অধ্যাপক কামরুল হোসেন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. কামরুল হোসেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. হাছান মিয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, অধ্যাপক ড. মো. কামরুল হোসেনকে বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক প্রদেয় ভাতা ও অন্যান্য সুবিধাসহ এক বছরের জন্য নিজ দায়িত্বের অতিরিক্ত প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হলো।

প্রজ্ঞাপনে সদ্য বিদায়ী প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দীর সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানানো হয়।

অধ্যাপক ড. মো. কামরুল হোসেন চবির ৪৮তম প্রক্টর হিসেবে অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দীর স্থলাভিষিক্ত হলেন। সদ্যবিদায়ী প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী ২০২৫ সালের ২১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ৪৭তম প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছিলেন।

নবনিযুক্ত প্রক্টর চট্টগ্রামের মীরসরাইয়ের বাসিন্দা। তিনি দুর্গাপুরের ‘দুর্গাপুর নগেন্দ্র চন্দ্র উচ্চ বিদ্যালয়’ থেকে ১৯৯৬ সালে মাধ্যমিক ও ১৯৯৮ সালে চট্টগ্রাম কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। 

ড. মো. কামরুল হোসেন চবির ১৯৯৯-২০০০ শিক্ষাবর্ষে রসায়ন বিভাগে ভর্তি হন। এরপর ২০০৩ সালে অনার্স এবং ২০০৪ সালে মাস্টার্স পাশ করে একই বিভাগে শিক্ষক হিসেবে যোগদান করেন। সম্প্রতি তিনি রসায়ন বিভাগের অধ্যাপক পদে পদোন্নতি পান। এর আগে তিনি ২০২২ সালে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর