Dhaka Mail Logo

শিক্ষা

ঢাকা কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ পিএম

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত ঢাকা কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টায় কলেজের ১৯টি বিভাগে একযোগে এ ওরিয়েন্টেশন ক্লাসের আয়োজন করা হয়।

ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রতিটি বিভাগের শিক্ষকরা নবীন শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। একই সঙ্গে বিভাগগুলোর পক্ষ থেকে শিক্ষার্থীদের গোলাপ ফুল, ফাইল, কলম, ক্লাস রুটিনসহ বিভিন্ন উপহারসামগ্রী দেওয়া হয়।

প্রতিটি বিভাগের বিভাগীয় প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন ক্লাসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আনোয়ার মাহমুদ।

বিশেষ অতিথির বক্তব্যে উপাধ্যক্ষ অধ্যাপক আনোয়ার মাহমুদ বলেন, ‘তোমরা উপমহাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ঢাকা কলেজে ভর্তি হয়েছে। এই প্রতিষ্ঠানের রয়েছে দীর্ঘ ইতিহাস ও গৌরবময় ঐতিহ্য। 

উপমহাদেশের বিভিন্ন আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা আন্দোলন এবং ২০২৪ সালের আন্দোলনসহ প্রতিটি আন্দোলন-সংগ্রামে ঢাকা কলেজের শিক্ষার্থীদের ব্যাপক ভূমিকা রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ঐতিহ্যবাহী ঢাকা কলেজে তোমাদের স্বাগত জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘তোমরা এই ঐতিহ্যের ধারক। নিজেদের এই ঐতিহ্যের সঙ্গে যুক্ত করে নতুন ঐতিহ্য সৃষ্টি করবে—এটাই আমাদের প্রত্যাশা। তোমরা যে শিক্ষকমণ্ডলী পেয়েছ, তারা প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে গবেষণা ও জ্ঞানচর্চায় অত্যন্ত যোগ্য ও প্রতিষ্ঠিত।’

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে উপাধ্যক্ষ বলেন, ঢাকা কলেজের রয়েছে নিজস্ব বিভাগ, শ্রেণিকক্ষ, শিক্ষক, বিশাল ক্যাম্পাস ও সমৃদ্ধ লাইব্রেরি। ফলে প্রতিষ্ঠানটিকে নিয়ে গর্ব করার মতো অনেক কিছুই রয়েছে। তিনি শিক্ষার্থীদের শুধু ঢাকা কলেজের ঐতিহ্য নিয়ে গর্ব না করে এখান থেকে প্রয়োজনীয় জ্ঞান ও শিক্ষা অর্জনের মাধ্যমে নিজেদের জীবন গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি অর্জিত শিক্ষা দিয়ে বাবা-মা ও ভাই-বোনের জন্যও কিছু করার প্রত্যাশা ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, ‘তোমরা যে আশা-আকাঙ্ক্ষা ও প্রত্যাশা নিয়ে এই বিদ্যাপীঠে ভর্তি হয়েছ, কলেজ থেকে প্রয়োজনীয় সহযোগিতা নিয়ে তোমরা যেন সেই প্রত্যাশা পূরণ করতে পারো—সেই আশাবাদ ব্যক্ত করছি।’

তিনি নবীন শিক্ষার্থীদের নির্ধারিত কারিকুলাম অনুযায়ী নিয়মিত পড়াশোনা করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর আহ্বান জানান। পাশাপাশি ভালো ফলাফল অর্জনের মাধ্যমে ভবিষ্যৎ জীবন গড়ার জন্য নিজেদের যোগ্য ও উপযোগী করে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন। এ সময় তিনি নবীন শিক্ষার্থীদের সার্বিক মঙ্গল ও সফলতা কামনা করেন।

ওরিয়েন্টেশন ক্লাসে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত ঢাকা কলেজ ক্যাম্পাসের ১৯টি বিভাগের নবীন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।

এম/এআরএম