Dhaka Mail Logo

শিক্ষা

এআই ও বিদেশি ভাষায় দক্ষতা অর্জনে গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পিএম

পড়াশোনার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও বিদেশি ভাষা শেখার মাধ্যমে নিজেদের দক্ষ করে গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বর্তমান সময়ে এআই অত্যন্ত সময়োপযোগী একটি বিষয়। শিক্ষার্থীদের এ বিষয়ে জ্ঞান অর্জনের পাশাপাশি নিজেদের মেধাকে কাজে লাগাতে হবে। তোমাদের এই বিষয়গুলো আত্মস্থ করতে হবে। তোমাদের লেখাপড়ার সঙ্গে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি বাড়াতে হবে।’

জবি শিক্ষার্থীদের জন্য বিভিন্ন বিদেশি ভাষা শেখার সুযোগ তৈরির ওপরও গুরুত্ব দেন তিনি। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে তার কথা হয়েছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘ম্যান্ডারিন, কোরিয়ান ও জাপানি ভাষা জানা শিক্ষার্থীদের জন্য বিদেশে উচ্চশিক্ষা ও চাকরির সুযোগ তৈরি হতে পারে।’

তিনি আরও বলেন, ‘আজকে যারা ম্যান্ডারিন জানে, তাদের চীনে গিয়ে ভালো চাকরি খুঁজতে একদিনও সময় লাগে না। যারা কোরিয়ান ভাষা জানে, তারা দক্ষিণ কোরিয়ায় যেতে পারে। যারা জাপানি ভাষা জানে, তারা জাপানে যেতে পারে।’

বিশ্বের উন্নত দেশগুলোতে দক্ষ মানবসম্পদের প্রয়োজন রয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘বাংলাদেশের শিক্ষার্থীদের মেধাকে কাজে লাগিয়ে তাদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে।’

শিক্ষাব্যবস্থায় পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, প্রাথমিক শিক্ষা থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত শিক্ষাক্রম পরিবর্তনের বিষয়ে কাজ চলছে। একই সঙ্গে কারিগরি শিক্ষাকে শিক্ষাব্যবস্থার সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

শিক্ষায় বরাদ্দ বাড়ানোর পরিকল্পনার কথাও জানান শিক্ষামন্ত্রী। তার ভাষ্য অনুযায়ী, শিক্ষায় মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশ পর্যন্ত বরাদ্দ দেওয়ার লক্ষ্য রয়েছে।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, সবাই ছাত্রদলের অনুসারী নাও হতে পারে। তবে শিক্ষার্থীরা চাইলে পড়াশোনার পাশাপাশি রাজনীতিতেও যুক্ত হতে পারে। দেশের জন্য কাজ করে নিজেদের একটি ইতিবাচক উত্তরাধিকার রেখে যাওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দাঁড়িয়ে থাকা বাংলাদেশ ব্যাংকের শাখাটিকে এখান থেকে অবশ্যই সরিয়ে নিতে হবে। আমরা মনে করি, এই প্রতিষ্ঠানটি সরিয়ে নেওয়া হলে আমাদের ছাত্র-ছাত্রীদের কিছুটা হলেও স্বার্থ রক্ষা হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা আশা করব, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল শিক্ষার্থীদের সকল স্বার্থের সঙ্গে থাকবে। শিক্ষার্থীরা যেন সুন্দরভাবে পড়াশোনা করতে পারে এবং তাদের প্রত্যেকটি অধিকার রক্ষায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পাশে থাকে।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দিন বলেন, ‘ছাত্রদলের প্রতি ভালোবাসা ও নিষ্ঠার কারণে ছাত্রদলের প্রত্যেক নেতাকর্মীর রাকিবকে অনুসরণ করা উচিত। নবীন শিক্ষার্থীদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশপ্রেম ও আদর্শ ধারণ করতে হবে। আমাদের লক্ষ্য একটাই—সবার আগে বাংলাদেশ। আমরা এই দেশকে ভালোবেসে সামনে এগিয়ে যেতে চাই।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর এবং দীর্ঘদিনের অবহেলা-বঞ্চনার অবসানে শিক্ষামন্ত্রীর কার্যকর উদ্যোগ কামনা করে উপাচার্য বলেন, ‘আমি নির্দিষ্ট কোনো দাবি জানাব না; আমার একটাই দাবি, আপনার হাত দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে পরিণত হবে। বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন নিয়ে কেউ যেন ক্রেডিটের রাজনীতি না করে। শিক্ষার্থীদের ভাগ্যোন্নয়নে আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল। সঞ্চালনা করেন সদস্যসচিব শামসুল আরেফিন। অনুষ্ঠানে প্রায় ২ হাজার ১০০ নবীন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

প্রতিনিধি/এমআই