নিজস্ব প্রতিবেদক
১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ এএম
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের আবেদন করা শিক্ষার্থীদের অপেক্ষার অবসান হচ্ছে আজ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হবে। এবার শুধু নম্বর যোগে ভুল-ত্রুটি যাচাই নয়, আবেদন করা উত্তরপত্র পুনরায় মূল্যায়ন করা হয়েছে। ফলে আগের তুলনায় এবারের ফল পুনঃনিরীক্ষণের প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন এসেছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণসহ মূল্যায়নের ফল বৃহস্পতিবার সকাল ১০টায় নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। একই সঙ্গে আবেদন করার সময় দেওয়া মুঠোফোন নম্বরে এসএমএসের মাধ্যমে ফল জানিয়ে দেওয়া হবে।
এ ছাড়া নির্ধারিত ওয়েবসাইটেও ফল দেখা যাবে। এ জন্য rescrutiny.eduboardresults.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফল সংগ্রহ করা যাবে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হবে।
এবারের পুনঃনিরীক্ষণ প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের তথ্য অনুযায়ী, প্রথমবারের মতো আবেদন করা উত্তরপত্র পুনঃনিরীক্ষণের পাশাপাশি পুনর্মূল্যায়ন করা হয়েছে।
আগের নিয়মে পুনঃনিরীক্ষণের সময় মূলত উত্তরপত্রে নম্বর যোগে কোনো ভুল হয়েছে কি না, কোনো প্রশ্নের নম্বর বাদ পড়েছে কি না—এসব বিষয় যাচাই করা হতো। নতুন করে পুরো উত্তরপত্র মূল্যায়ন করা হতো না।
তবে এবার আবেদন করা উত্তরপত্র আবার মূল্যায়ন করা হয়েছে। অর্থাৎ, শিক্ষার্থীরা যে উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন, সেগুলো আগের প্রক্রিয়ার তুলনায় আরও বিস্তৃতভাবে যাচাই করা হয়েছে।
গত ১১ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু হয়। আবেদন গ্রহণের শেষ সময় ছিল ১৭ আগস্ট রাত পর্যন্ত।
নির্ধারিত সময়ের মধ্যে দেশের ১১টি শিক্ষা বোর্ডে মোট ৪ লাখ ২ হাজার ৫১ জন পরীক্ষার্থী পুনঃনিরীক্ষণের আবেদন করেন।
একজন পরীক্ষার্থী একাধিক বিষয়ের উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারেন। এ কারণে পরীক্ষার্থীর তুলনায় মোট উত্তরপত্রের আবেদন সংখ্যা বেশি হয়েছে।
১১টি শিক্ষা বোর্ডে লিখিত পরীক্ষার ১০ লাখ ৫৬ হাজার ৪৫৫টি এবং ব্যবহারিক পরীক্ষার ২ লাখ ৩১ হাজার ৪৭১টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন জমা পড়ে। সব মিলিয়ে পুনঃনিরীক্ষণের আবেদন করা হয়েছে ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি উত্তরপত্রের।
বোর্ডভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি আবেদন পড়েছে ঢাকা শিক্ষা বোর্ডে। এ বোর্ডে ৯৪ হাজার ২৩৬ জন পরীক্ষার্থী লিখিত পরীক্ষার ২ লাখ ৭৭ হাজার ৬৬৫টি এবং ব্যবহারিক পরীক্ষার ৫৮ হাজার ১২টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন।
এ ছাড়া কুমিল্লা শিক্ষা বোর্ডে ৩৫ হাজারের বেশি, রাজশাহীতে ৩৯ হাজারের বেশি, যশোরে ২৮ হাজারের বেশি, চট্টগ্রামে ৩৯ হাজারের বেশি, বরিশালে ১৭ হাজারের বেশি, সিলেটে ২০ হাজারের বেশি, দিনাজপুরে ৩৭ হাজারের বেশি এবং ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ২৭ হাজার ৬৭৬ জন পরীক্ষার্থী পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন।
অন্যদিকে, মাদরাসা শিক্ষা বোর্ডে ৪০ হাজারের বেশি এবং কারিগরি শিক্ষা বোর্ডে ২০ হাজারের বেশি পরীক্ষার্থী ফল পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন।
আজ সকাল ১০টায় ফল প্রকাশের পর আবেদনকারীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, মুঠোফোনে এসএমএস এবং নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে পুনঃনিরীক্ষণের ফল জানতে পারবেন।
জেবি