নিজস্ব প্রতিবেদক
০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ পিএম
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ঢাকা কলেজে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেছে শাখা ছাত্রদল।
রোববার (৬ সেপ্টেম্বর) ঢাকা কলেজ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জুলহাস উদ্দিন জনি।
এসময় ক্যাম্পাসের বাগান এলাকা, ক্যাফেটেরিয়ার সামনের অংশ এবং কেন্দ্রীয় খেলার মাঠসংলগ্ন এলাকায় বিভিন্ন ধরণের চারা রোপণ করা হয়। কর্মসূচির প্রথম ধাপে চারটি নিম, একটি বকুল, একটি চেরি, একটি রক্তজবা, একটি কৃষ্ণচূড়া ও একটি মাধবীলতার চারা রোপণ করা হয়।
কলেজ ছাত্রদলের নেতারা বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবং দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনি ইশতেহারে ঘোষিত পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
ঢাকা কলেজ ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়, ক্যাম্পাসকে সবুজ ও পরিবেশবান্ধব রাখতে পর্যায়ক্রমে আরও বৃক্ষরোপণ করা হবে। এ কার্যক্রমের পাশাপাশি ভবিষ্যতে ক্যাম্পাসকেন্দ্রিক বিভিন্ন পরিবেশবান্ধব কর্মসূচিও অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
ছাত্রদল নেতারা আরও বলেন, পরিবেশ সংরক্ষণে ঢাকা কলেজ ছাত্রদলের এই কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালিত হবে এবং সংগঠনটি ক্যাম্পাসভিত্তিক পরিবেশবান্ধব কর্মসূচির মাধ্যমে একটি মডেল ইউনিট হিসেবে নিজেদের অবস্থান তৈরি করতে চায়।
ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জুলহাস উদ্দিন জনি বলেন,‘পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ঢাকা কলেজ ক্যাম্পাসকে আরও সবুজ ও নান্দনিক করে তুলতে আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছি। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ঢাকা কলেজেও এর কার্যক্রম শুরু করা হয়েছে। ঢাকা কলেজ ছাত্রদল ভবিষ্যতেও শিক্ষার্থীদের সম্পৃক্ত করে পরিবেশ সংরক্ষণ ও ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধিতে বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাবে।’
ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক সদস্য আলীম চৌধুরী রিফাত বলেন, ‘ঢাকা কলেজ ক্যাম্পাস শুধু শিক্ষার পরিবেশে নয়, সবুজ ও নান্দনিক পরিবেশের দিক থেকেও একটি দৃষ্টান্ত হয়ে উঠুক।’
তিনি বলেন, ‘শিক্ষার্থীদেরও পরিবেশ সংরক্ষণে সচেতন ও সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হবে। ঢাকা কলেজ ক্যাম্পাসকে আরও সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে তুলতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।’
এম/এএম