Dhaka Mail Logo

শিক্ষা / সারাদেশ

ঘুম ভাঙতেই মশারির ওপর বিষধর কালাচ, অল্পের জন্য রক্ষা রাবি শিক্ষার্থীর

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ শামসুজ্জোহা হলের একটি কক্ষে আবাসিক এক শিক্ষার্থীর মশারির ওপর থেকে বিষধর কালাচ সাপ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে হলের ১২১ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।

পরে বিশ্ববিদ্যালয়ের সাপ উদ্ধারকারী সংস্থা ‘সোয়ান’-এর সদস্যরা এসে সাপটি উদ্ধার করেন।

জানা গেছে, ফার্মেসি বিভাগের শিক্ষার্থী রাব্বি রেজা গভীর রাতে ঘুম থেকে উঠে মশারির ওপর সাপটি দেখতে পান। বিষয়টি রুমমেটদের জানালে তারা ‘সোয়ান’কে খবর দেন। পরে সংস্থাটির সদস্যরা হলে এসে সাপটি উদ্ধার করেন। সাপটি বিষধর কালাচ বলে নিশ্চিত করেন তারা।

একই কক্ষের আবাসিক শিক্ষার্থী সাকিল আহমেদ বলেন, ‘ঘুম থেকে উঠে মশারির ওপর বিষধর সাপটি দেখতে পাওয়া যায়। পরে সোয়ানকে খবর দিলে তারা এসে সাপটি উদ্ধার করে নিয়ে যায়।’

আরও পড়ুন

কাজের সন্ধানে এসে আর বাড়ি ফেরা হলো না শুক্কুরের

হলে সাপের উপদ্রব নিয়ে ক্ষোভ প্রকাশ করে সাকিল বলেন, ‘হলের প্রাধ্যক্ষকে অনেকবার বলেও কোনো সমাধান হয়নি। হলের চারপাশ জঙ্গল হয়ে আছে। কয়েক দিন পরপরই সাপ বের হয়। সব সময় সতর্ক থাকতে হয়, সাপ হলে ঢুকেছে কি না। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অনুরোধ, হলের শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হোক। কাল রাতে যদি সাপটা কামড় দিত এবং একজন ছাত্রের মৃত্যু হতো, সেই দায় কি হল প্রাধ্যক্ষ নিতেন?’

এ বিষয়ে শহীদ শামসুজ্জোহা হলের প্রাধ্যক্ষ ড. মো. আল-আমিন সরকার বলেন, ‘ রাতে এক শিক্ষার্থী ঘুম থেকে উঠে মশারির ওপর একটি সাপ দেখতে পায়। পরে সে রুমমেটকে জানালে বিশ্ববিদ্যালয়ের রেসকিউ টিমকে খবর দেওয়া হয়। রেসকিউ টিম এসে সাপটি উদ্ধার করে নিয়ে যায়। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সাপের উপদ্রব ঠেকাতে এর আগেও কার্বোলিক অ্যাসিড ব্যবহার করা হয়েছে এবং হলের চারপাশ পরিষ্কার করা হয়েছে। গত সপ্তাহেও প্রশাসনের উদ্যোগে হলের পেছনের অংশ পরিষ্কার করা হয়। ধারণা করা হচ্ছে, পেছনের দিক দিয়ে সাপটি হলে প্রবেশ করেছে।’

প্রাধ্যক্ষ বলেন, ‘হলের পেছনে ভালো মানের নেট লাগানো এবং ড্রেনগুলো পুনরায় পরিষ্কার করার ব্যবস্থা নেওয়া হবে।’

প্রতিনিধি/এসএস