নিজস্ব প্রতিবেদক
০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পিএম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত অনার্স কলেজগুলোতে আইসিটি কোর্সের পাঠদান কার্যক্রম জোরদার করতে সক্ষম শিক্ষকদের তথ্য চেয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে প্রতিটি স্নাতক (সম্মান) কলেজকে অনলাইনে মনোনীত শিক্ষকদের তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তির মাধ্যমে অধিভুক্ত কলেজগুলোর অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের অনার্স (সম্মান) কোর্সে আইসিটি বিষয়টি বাধ্যতামূলক করা হয়েছে। এরপরিপ্রেক্ষিতে স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের ‘অ্যাপ্লাইড আইসিটি’ কোর্সে পাঠদানে সক্ষম শিক্ষকদের তালিকা প্রস্তুত করা হচ্ছে।
কলেজের অধ্যক্ষ বা উপাধ্যক্ষের নিজ দায়িত্বে ও তদারকিতে এ কোর্সে পাঠদান করতে সক্ষম শিক্ষকদের নাম অনলাইনে পাঠাতে বলা হয়েছে। একইসঙ্গে আইসিটি কোর্সের জন্য শিক্ষক মনোনয়নের ক্ষেত্রে কয়েকটি শর্ত নির্ধারণ করা হয়েছে।
এগুলো হলো- আইসিটি বিষয়ে স্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত শিক্ষক; বিজ্ঞান বিষয়ে স্নাতক (সম্মান) কোর্সে স্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত শিক্ষক; বিজ্ঞান বিষয়ে স্নাতক (পাস) কোর্সে স্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত শিক্ষক; বিজ্ঞান বিষয়ে স্নাতক (সম্মান) ও (পাস) কোর্সের শিক্ষক না থাকলে অন্য যেকোনো বিষয়ে (সম্মান/পাস) স্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত শিক্ষক, যিনি CEDP-TOT (Advance-ICT) প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, মনোনীত শিক্ষককে অবশ্যই টিটিআইএসের (টিচার্স ট্রেইনিং ইনফরমেশন সিস্টেম) আইডিধারী হতে হবে। যেসব শিক্ষকের টিটিআইএস আইডি নেই, তাদের প্রয়োজনে আইডি তৈরি করে নিতে হবে।
এ ছাড়া অধ্যক্ষ বা উপাধ্যক্ষের অনুমোদন ছাড়া কোনো শিক্ষক এ-সংক্রান্ত তথ্য পাঠাতে পারবেন না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
নির্ধারিত শর্ত অনুযায়ী শিক্ষক মনোনয়ন দিয়ে ১০ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে প্রয়োজনীয় তথ্য পাঠাতে প্রতিটি অধিভুক্ত অনার্স কলেজকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
এমএইচ/এএম