Dhaka Mail Logo

শিক্ষা

দেশে সমন্বিত ‘গবেষণা সংরক্ষণাগার’ করবে ইউজিসি

নিজস্ব প্রতিবেদক

০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পিএম

দেশে সমন্বিত ‘গবেষণা রিপোজিটরি (সংরক্ষণাগার বা তথ্যভাণ্ডার)’ গড়ে তোলার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। ফলে কোথায় কোন বিষয়ে গবেষণা প্রয়োজন, কী ধরনের গবেষণা ইতোমধ্যে হয়েছে এবং গবেষণার ফলাফল কীভাবে বাস্তবে কাজে লাগানো যায়- এসব তথ্য এই রিপোজিটরিতে সংরক্ষণ করা হবে। যারফলে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানে গবেষণায় বরাদ্দ অর্থের কার্যকর ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২৩তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এসব কথা বলেন।

ইউজিসি চেয়ারম্যান বলেন, ‘দেশে গবেষণার জন্য অর্থের সংকট নেই। বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণসহ বিভিন্ন মন্ত্রণালয়ের বাজেটে গবেষণার জন্য অর্থ বরাদ্দ রয়েছে। তবে বিভিন্ন মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের গবেষণা কার্যক্রম এবং অর্থ বরাদ্দের মধ্যে কার্যকর সমন্বয়ের ঘাটতি রয়েছে। গবেষণায় বরাদ্দ অর্থ যথাযথভাবে ব্যবহার হচ্ছে কি না, সেটিও পর্যবেক্ষণ ও মূল্যায়নের প্রয়োজন রয়েছে।’

ইউজিসি চেয়ারম্যান বলেন, ‘সমন্বিত গবেষণা তথ্যভাণ্ডার তৈরি হলে একই ধরনের গবেষণার পুনরাবৃত্তি কমবে। পাশাপাশি দেশের প্রয়োজন অনুযায়ী গবেষণার ক্ষেত্র চিহ্নিত করে সেখানে বিনিয়োগের সুযোগ তৈরি হবে।’

এসময় বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার ফলাফল বাস্তব কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অধ্যাপক মামুন আহমেদ বলেন, ‘গবেষণা শুধু গবেষণাপত্র প্রকাশ, সাইটেশন বা ব্যক্তিগত গবেষণা-প্রোফাইল সমৃদ্ধ করার জন্য নয়। গবেষণার মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের জীবনমানের উন্নয়ন এবং দেশের বাস্তব সমস্যার সমাধান। শিল্প, কৃষি, স্বাস্থ্য ও পরিবেশসহ বিভিন্ন ক্ষেত্রে গবেষণার ফলাফল কাজে লাগাতে হবে।’

তিনি বলেন, ‘বিশেষ করে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো দেশের বাস্তব সমস্যাগুলো চিহ্নিত করে প্রযুক্তিনির্ভর গবেষণার মাধ্যমে কার্যকর ও টেকসই সমাধান দিতে পারে। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় ও শিল্প-বাণিজ্য প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ বাড়ানো, যৌথ গবেষণা এবং গবেষণালব্ধ জ্ঞান ও উদ্ভাবনের বাস্তব প্রয়োগ নিশ্চিত করা প্রয়োজন।’

ugc_1
রুয়েটে ২৩তম বিশ্ববিদ্যালয় দিবসের আলোচনা সভায় ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ

রুয়েটে গবেষণার সুযোগ-সুবিধা বাড়ানোর দাবির প্রশংসা করে ইউজিসি চেয়ারম্যান বলেন, ‘বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সাধারণত অবকাঠামোগত সুবিধা বাড়ানোর দাবি বেশি শোনা যায়। তবে রুয়েটে গবেষণার পরিবেশ ও সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়টি গুরুত্ব পেয়েছে, যা ইতিবাচক। গবেষণাগার স্থাপন, প্রযুক্তিনির্ভর উদ্ভাবন এবং গবেষণার সুযোগ সম্প্রসারণে ইউজিসি সহযোগিতা করবে।’

একই সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোকে ‘ক্লিন ক্যাম্পাস’ ও ‘গ্রিন ক্যাম্পাস’ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।

অধ্যাপক মামুন আহমেদ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়। শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের জন্য পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর, নিরাপদ ও গবেষণাবান্ধব পরিবেশ নিশ্চিত করাও সামগ্রিক উন্নয়নের অংশ।’

তিনি বলেন, ‘শিক্ষার্থীদের শুধু জ্ঞান ও দক্ষতায় দক্ষ করে তুললেই হবে না, তাদের নৈতিক মূল্যবোধ, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে গড়ে তুলতে হবে। প্রযুক্তি ও জ্ঞানকে মানুষের কল্যাণে কাজে লাগানোর মানসিকতা তৈরি করতে হবে।’

আলোচনা সভায় সভাপতিত্ব করেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন। এ ছাড়া বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এমএইচ/এএম