নিজস্ব প্রতিবেদক
২৭ আগস্ট ২০২৬, ০৬:৪৮ পিএম
বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু করতে যাচ্ছে কারিগরি শিক্ষা অধিদফর। এর কার্যক্রমের অংশ হিসেবে এমপিওভুক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান ও সব শিক্ষকের জন্য প্রতিষ্ঠানের নিজস্ব ইমেইল অ্যাড্রেস তৈরি করার নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী ৩০ আগস্টের মধ্যে প্রতিষ্ঠানের নিজস্ব ইমেইল অ্যাড্রেস তৈরি করে তা কারিগরি শিক্ষা অধিদফতরকে জানাতে হবে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) অধিদফতরের এক নোটিশে এই নির্দেশনা দেওয়া হয়।
নোটিশে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের গত ২০ মে-এর চিঠির পরিপ্রেক্ষিতে বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির প্রয়োজনীয়তা দেখা দেয়। এ কার্যক্রম একটি নীতিমালার আওতায় স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বাস্তবায়নের লক্ষ্যে ‘স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা-২০২৬’ প্রণয়ন করা হয়েছে।
অধিদফর জানিয়েছে, ওই নীতিমালার আলোকে প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের বদলি কার্যক্রম পরিচালনার জন্য প্রতিটি বেসরকারি এমপিওভুক্ত কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব ইমেইল অ্যাড্রেস থাকা জরুরি।
এ কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রতিষ্ঠানের নিজস্ব ইমেইল অ্যাড্রেস তৈরি করে আগামী ৩০ আগস্টের মধ্যে তা কারিগরি শিক্ষা অধিদপ্তরকে নিশ্চিত করতে বলা হয়েছে।
ইমেইল অ্যাড্রেসটি ddmpo2020@gmail.com ঠিকানায় পাঠাতে হবে। একই সঙ্গে নির্ধারিত গুগল ফর্মের মাধ্যমেও তথ্য জানানো যাবে।
নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট বেসরকারি এমপিওভুক্ত কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় তথ্য পাঠিয়ে বদলি কার্যক্রমের প্রস্তুতি সম্পন্ন করতে হবে।
এম/এএম