নিজস্ব প্রতিবেদক
২৫ আগস্ট ২০২৬, ০৩:০৭ পিএম
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে মাদরাসার আলিম শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। নীতিমালা অনুযায়ী, ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের আবেদন ও পছন্দক্রম পরিবর্তনের সুযোগ থাকবে ১২ ও ১৩ সেপ্টেম্বর। আর ভর্তি কার্যক্রম শুরু হবে ২০ সেপ্টেম্বর থেকে।
মঙ্গলবার (২৫ আগস্ট) মাদরাসা শিক্ষা বোর্ডের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তির আবেদনসহ প্রয়োজনীয় কার্যক্রম একাদশ শ্রেণির ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে সম্পন্ন করতে হবে। এজন্য শিক্ষার্থীদের www.xiclassadmission.gov.bd প্যানেলে লগইন করে রেজিস্ট্রেশনের সব কাজ শেষ করতে হবে।
নীতিমালা অনুযায়ী, পুনঃনিরীক্ষণ ও পুনঃমূল্যায়নের পর ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা ১২ ও ১৩ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত ভর্তির আবেদন করতে পারবেন। একই সময়ে পছন্দক্রম পরিবর্তনের সুযোগও থাকবে।
ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ১৬ সেপ্টেম্বর রাত ৮টায়। নির্বাচিত শিক্ষার্থীদের ১৮ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে ভর্তি নিশ্চায়ন করতে হবে। এরপর ১৯ সেপ্টেম্বর রাত ৮টায় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে।
নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চায়ন না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এরপর ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম চলবে। সবশেষে ২৩ সেপ্টেম্বর থেকে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে মাদরাসার আলিম শ্রেণির ক্লাস শুরু হবে।
এমএইচ/এফএ