সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ঢাকা

জাতীয় বিশ্ববিদ্যালয়-বাংলা একাডেমির কো-পাবলিকেশন বিষয়ে সমঝোতার উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৬, ০৯:২০ পিএম

শেয়ার করুন:

জাতীয় বিশ্ববিদ্যালয়-বাংলা একাডেমির কো-পাবলিকেশন বিষয়ে সমঝোতার উদ্যোগ
বাংলা একাডেমিতে দুই প্রতিষ্ঠানের মধ্যে যৌথ সভা। ছবি: সংগৃহীত

মানসম্মত পাঠ্যপুস্তক, অনুবাদগ্রন্থ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকাশনা যৌথভাবে প্রণয়ন, মুদ্রণ, প্রকাশ ও বিপণনের লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় ও বাংলা একাডেমির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) রাজধানীর বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ, উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ এবং বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম উপস্থিত ছিলেন।

সভায় কো-পাবলিকেশন কার্যক্রমের আওতায় মানসম্মত পাঠ্যপুস্তক, অনুবাদগ্রন্থ ও অন্যান্য প্রকাশনা যৌথভাবে প্রণয়ন ও প্রকাশের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি এসব বইয়ের মুদ্রণ, প্রকাশনা ও বিপণন কার্যক্রমেও দুই প্রতিষ্ঠান যৌথভাবে কাজ করবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মানসম্মত ও নির্ভরযোগ্য পাঠ্যপুস্তক নিশ্চিত করা অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। বাংলা একাডেমির মতো জাতীয় প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার ফলে শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী আরও মানসম্মত পাঠ্যপুস্তক, অনুবাদগ্রন্থ ও গবেষণাধর্মী বই প্রকাশের সুযোগ তৈরি হবে। একইসঙ্গে বাংলা ভাষায় জ্ঞানচর্চা ও গবেষণাকে আরও সমৃদ্ধ করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, এই সহযোগিতা শুধু প্রকাশনার মধ্যে সীমাবদ্ধ থাকবে না; ভবিষ্যতে শিক্ষা, গবেষণা ও জ্ঞানচর্চার বিভিন্ন ক্ষেত্রেও দুই প্রতিষ্ঠান যৌথভাবে কাজ করবে বলে আশা করা হচ্ছে।

সভায় ভবিষ্যতে শিক্ষা, গবেষণা ও প্রকাশনার বিভিন্ন ক্ষেত্রে দুই প্রতিষ্ঠানের সহযোগিতা আরও বিস্তৃত করার প্রত্যাশা ব্যক্ত করা হয়। সংশ্লিষ্টদের মতে, এ উদ্যোগ দুই প্রতিষ্ঠানের পারস্পরিক সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি শিক্ষার্থী ও গবেষকদের জন্য মানসম্মত জ্ঞানভিত্তিক প্রকাশনা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, প্রকাশনা ও বিপণন দপ্তরের পরিচালক ড. ফারুক আহম্মদ, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দ আফজাল হোসেন, কমিউনিকেশনস এক্সপার্ট গৌতম বড়ুয়া, মাল্টি-ল্যাঙ্গুয়েজ লার্নিং ইনস্টিটিউটের কোঅর্ডিনেটর মো. সাইফুল ইসলাম শাহীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এম/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর