Dhaka Mail Logo

শিক্ষা / সারাদেশ

ময়মনসিংহে প্রাণী চিকিৎসকদের ওপর হামলা, বিচার চেয়ে বাকৃবিতে মানববন্ধন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

২৩ আগস্ট ২০২৬, ০৬:০৮ পিএম

ময়মনসিংহে প্রাণী চিকিৎসক মো. আশিকুর রহমান ও মো. আব্দুল হান্নানের ওপর হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা।

রোববার (২৩ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে চিকিৎসকদের ওপর হামলা, চেম্বারে ভাঙচুর ও চিকিৎসাসেবা বাধাগ্রস্ত করার ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়। একই সঙ্গে হামলায় জড়িত প্রত্যেককে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান শিক্ষক-শিক্ষার্থীরা।

মানববন্ধনে ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী বুরহান উদ্দিন সিয়াম বলেন, একজন প্রাণী চিকিৎসকের ওপর যেভাবে অতর্কিত হামলা করা হয়েছে, আমরা সাধারণ শিক্ষার্থীরা এর তীব্র নিন্দা জানাই। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আমাদের আহ্বান, ঘটনার পেছনে যারা জড়িত, তাদের সবাইকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।

ভেটেরিনারি অনুষদের ডিন বাহানুর রহমান বলেন, দুই ভেটেরিনারি চিকিৎসক মো. আব্দুল হান্নান ও মো. আশিকুর রহমান শারীরিকভাবে হামলার শিকার হয়েছেন। এ ঘটনার প্রতিবাদ জানাচ্ছি আমরা ভেটেরিনারি অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা। আমরা আশা করি, সরকার এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং যারা দায়ী তাদের অতিসত্বর গ্রেফতার করে বিচারের আওতায় আনবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. আবদুল আলীম বলেন, তাদের এই সেবাকে অগ্রাহ্য করে অত্যন্ত ন্যাক্কারজনকভাবে তাদের ওপর আক্রমণ করা হয়েছে। ভিডিওতে আপনারা দেখেছেন, তাদের চেম্বারে ভাঙচুর করা হয়েছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ও প্রাক্তন ছাত্র হিসেবে ঘটনাটি আমাকে যেমন ব্যথিত করেছে, একই সঙ্গে একজন ভেটেরিনারিয়ান হিসেবেও আমি অত্যন্ত ব্যথিত ও মর্মাহত।

তিনি বলেন, সারাদেশে মানুষ এখন অনেক পেট অ্যানিমেল পালন করেন। এগুলো তাদের পরিবারের একজন সদস্যের মতো হয়ে উঠেছে। দেশের প্রতিটি শহরেই এখন প্রাইভেট প্র্যাকটিস গড়ে উঠেছে। যে ধরনের ন্যক্কারজনক হামলা হয়েছে, তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে এবং চেম্বার ভাঙচুর করা হয়েছে, আমরা এর তীব্র নিন্দা জানাই।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন- বাকৃবির সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ উদ্দিন ভুঁঞা, অধ্যাপক ড. মো. মাহমুদুল আলম, অধ্যাপক ড. জয়ন্ত ভট্টাচার্য, প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. বাবুল চন্দ্র রায়, ড. অনিতা রানী দে, সহযোগী অধ্যাপক ড. শারমিন শহীদ লাবনী, ফিজিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ইকরামুল হকসহ বাকৃবির ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা।

ময়মনসিংহ নগরীতে একটি পশু চিকিৎসা কেন্দ্রে ঢুকে এক চিকিৎসককে মারধর, ভাঙচুর ও টাকা লুটের অভিযোগ উঠেছে। চাঁদার দাবিকৃত পাঁচ লাখ টাকা না দেওয়ায় এই হামলা চালানো হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী চিকিৎসক মো. আশিকুর রহমান।

তিনি নগরীর জিলা স্কুলের পাশের গলিতে ‘ডক্টরস পেট কেয়ার’ নামে একটি চেম্বারে বিড়ালের চিকিৎসা ও আনুষঙ্গিক উপকরণ বিক্রি করেন।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ছাত্রদল নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়।

ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, এক নারী চেম্বারে ঢুকে জুতা খুলে চিকিৎসককে পেটাতে থাকেন। পাশে থাকা নগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তালহাজুর রহমান ঘটনাটি মুঠোফোনে ধারণ করেন এবং একপর্যায়ে নিজেও চিকিৎসকের ওপর চড়াও হয়ে কিল-ঘুষি মারেন।

শনিবার দুপুরে ময়মনসিংহের কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মো. আশিকুর রহমান। ছাত্রদল নেতা তালহাজুর রহমান, আফরিন রশিদ সেঁজুতি ও সাকিবসহ অজ্ঞাতনামা আরও ৪–৫ জনকে অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগে উল্লেখ করা হয়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে আশিকুরের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় তারা চেম্বারে ঢুকে চাঁদার জন্য চাপ দেন। প্রতিবাদ জানালে সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে তাকে লোহার রড দিয়ে মারধর করা হয়। এ সময় তাকে বাঁচাতে এলে দোকানের কর্মী ঈশান আহমেদ, ঈশানের স্ত্রী তাওহিয়া আক্তার এবং চিকিৎসকের স্ত্রী সাজনিন তাসনিন সিদ্দিকীকেও মারধর ও টানাহেঁচড়া করা হয়।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোষা প্রাণির চিকিৎসা ও মৃত্যুকে কেন্দ্র করে বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে, ভিডিও ফুটেজ ভাইরাল হওয়ার পর মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তালহাজুর রহমানকে (প্রতীক) দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন মহানগর শাখার সভাপতি গোবিন্দ রায়।

প্রতিনিধি/এলএ