রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ঢাকা

পশু চিকিৎসককে মারধরে, ছাত্রদল নেতা বহিষ্কার

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ২২ আগস্ট ২০২৬, ১১:১২ পিএম

শেয়ার করুন:

পশু চিকিৎসককে মারধরে, ছাত্রদল নেতা বহিষ্কার

ময়মনসিংহ নগরীতে একটি পশু চিকিৎসা কেন্দ্রে ঢুকে এক চিকিৎসককে মারধর, ভাঙচুর ও টাকা লুটের অভিযোগ উঠেছে। চাঁদার দাবীকৃত পাঁচ লাখ টাকা না দেওয়ায় এই হামলা চালানো হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী চিকিৎসক। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ছাত্রদল নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ভুক্তভোগী চিকিৎসকের নাম মো. আশিকুর রহমান। তিনি নগরীর জিলা স্কুলের পাশের গলিতে ‘ডক্টরস পেট কেয়ার’ নামে একটি চেম্বারে বিড়ালের চিকিৎসা ও আনুষঙ্গিক উপকরণ বিক্রি করেন।

ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, এক নারী চেম্বারে ঢুকে জুতা খুলে চিকিৎসককে পেটাতে থাকেন। পাশে থাকা নগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তালহাজুর রহমান ঘটনাটি মুঠোফোনে ধারণ করেন এবং একপর্যায়ে নিজেও চিকিৎসকের ওপর চড়াও হয়ে কিল-ঘুষি মারেন।

শনিবার (২২ আগস্ট) দুপুরে ময়মনসিংহের কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মো. আশিকুর রহমান। ছাত্রদল নেতা তালহাজুর রহমান, আফরিন রশিদ সেঁজুতি ও সাকিবসহ অজ্ঞাতনামা আরও ৪–৫ জনকে অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগে উল্লেখ করা হয়, অভিযুক্ত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে আশিকুরের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় তারা চেম্বারে ঢুকে চাঁদার জন্য চাপ দেন। প্রতিবাদ জানালে সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে তাকে লোহার রড দিয়ে মারধর করা হয়। এ সময় তাঁকে বাঁচাতে এলে দোকানের কর্মী ঈশান আহমেদ, ঈশানের স্ত্রী তাওহিয়া আক্তার এবং চিকিৎসকের স্ত্রী সাজনিন তাসনিন সিদ্দিকীকেও মারধর ও টানাহেঁচড়া করা হয়।

অভিযোগে আরও বলা হয়, হামলার পর চেম্বারের ক্যাশ বাক্স থেকে ৩ লাখ ২০ হাজার ১৫০ টাকা ছিনিয়ে নেওয়া হয়। পাশাপাশি চেম্বারের মালামাল ভাঙচুর করে প্রায় ১ লাখ ৮০ হাজার টাকার ক্ষতি করা হয়।

হামলার পেছনে চাঁদা দাবির পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত বিরোধ এবং এক বছর আগের একটি ঘটনা রয়েছে বলে জানিয়েছেন আশিকুর রহমান। তিনি জানান, আফরিন রশিদ সেঁজুতি নামের ওই নারী একটি বিড়ালের মৃত বাচ্চা প্রসবকে কেন্দ্র করে তাঁর ওপর ক্ষুব্ধ ছিলেন। এ ছাড়া ফেসবুকে অন্য এক চিকিৎসককে নিয়ে লেখালেখির পেছনে আশিকুরের হাত রয়েছে এমন ভুল সন্দেহ থেকেও এই হামলা চালানো হয়ে থাকতে পারে।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোষা প্রাণীর চিকিৎসা ও মৃত্যুকে কেন্দ্র করে বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে, ভিডিও ফুটেজ ভাইরাল হওয়ার পর মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তালহাজুর রহমানকে (প্রতীক) দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন মহানগর শাখার সভাপতি গোবিন্দ রায়।

ঘটনায় জড়িত সাকিবুল হাসান বলেন, গত ১৭ আগস্ট একটি গর্ভবতী পারশিয়ান বিড়ালকে কেওয়াটখালী ভেটেরিনারি চিকিৎসক আব্দুল হান্নানের কাছে সেঁজুতি রেখে যান পরীক্ষানিরীক্ষার জন্য। কিন্তু সেখানে বিড়ালটি মারা গেলেও তাঁরা কিছু জানাননি। বিড়ালের খোঁজখবর নিতে ১৮ আগস্ট কল দিলে তারা জানান, বিড়ালটি মারা গেছে।

তিনি আরও বলেন, এ নিয়ে ফেসবুকে লেখালেখি হলে আশিকুর রহমান ফেক ফেসবুক আইডি থেকে সেঁজুতিকে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। যার প্রমাণ থাকায় মারধরের ঘটনা ঘটেছে। এ নিয়ে তারা থানায় অভিযোগ দায়ের করেছেন।

তবে তাদের অভিযোগ পাননি বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম।

তিনি বলেন, আশিকুর রহমান একটি অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। একজন চিকিৎসকের চেম্বারে গিয়ে তাকে মারধর করা কোনোভাবেই কাম্য নয়। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর