নিজস্ব প্রতিবেদক
২০ আগস্ট ২০২৬, ০৩:৫৯ পিএম
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) উদ্যোগে উপাচার্যদের সঙ্গে দুই দিনব্যাপী জাতীয় নীতিনির্ধারণী সংলাপ শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার।
বৃহস্পতিবার (২০ আগস্ট) ইউজিসির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সাভারের ব্র্যাক সিডিএমে এ সংলাপ অনুষ্ঠিত হবে। আগামী ২২ আগস্ট বিকেল ৩টায় সমাপনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন যোগ দেবেন।
সংলাপের প্রথম দিন বেলা ১১টায় উচ্চশিক্ষার নীতিনির্ধারকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হবে। এতে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন উপস্থিত থাকবেন। সেশনে সভাপতিত্ব করবেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ।
ইউজিসির বাস্তবায়নাধীন হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় আয়োজিত এ সংলাপে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৬০ জন উপাচার্যসহ নীতিনির্ধারক, জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, দেশি-বিদেশি শিক্ষাবিদ, বিশেষজ্ঞ এবং ইউজিসি ও হিট প্রকল্পের প্রতিনিধিরা অংশ নেবেন।
বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশ, শ্রমবাজারের পরিবর্তিত চাহিদা, শিক্ষার গুণগত মান ও জবাবদিহির প্রত্যাশা এবং বৈশ্বিক প্রতিযোগিতার কারণে উচ্চশিক্ষায় নতুন বাস্তবতা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়গুলোকে আরও উদ্ভাবনী, সুশাসিত ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার পাশাপাশি কর্মবাজারের উপযোগী দক্ষ গ্র্যাজুয়েট তৈরির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
দুই দিনের সংলাপে উচ্চশিক্ষায় কৌশলগত নেতৃত্ব ও সুশাসন, পাঠদানের উৎকর্ষ, মূল্যায়ন, মান নিশ্চিতকরণ ও আন্তর্জাতিকীকরণ, গবেষণা ও উদ্ভাবন, বিশ্ববিদ্যালয়-শিল্পখাতের সহযোগিতা, আর্থিক ও ক্রয় ব্যবস্থাপনা, পাঠ্যক্রম সংস্কার, শিক্ষার্থী সহায়তা ও কর্মসংস্থান যোগ্যতা নিয়ে আলোচনা হবে। পাশাপাশি উপাচার্যদের গ্রুপ আলোচনা এবং উচ্চশিক্ষার কৌশলগত পরিকল্পনা নিয়েও মতবিনিময় হবে।
সংলাপে দেশের উচ্চশিক্ষার বর্তমান চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে অভিন্ন ধারণা তৈরির পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অভিজ্ঞতা ও ভালো চর্চা বিনিময়ের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে একাডেমিক নেতৃত্ব ও সুশাসন শক্তিশালীকরণ, গবেষণা ও উদ্ভাবন সম্প্রসারণ এবং বিশ্ববিদ্যালয়-শিল্পখাতের সহযোগিতা বাড়ানোর বিষয়ে করণীয় নির্ধারণ করা হবে।
এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল রূপান্তরের সঙ্গে সামঞ্জস্য রেখে ভবিষ্যৎ উচ্চশিক্ষার জন্য প্রয়োজনীয় উদ্যোগ চিহ্নিত করা হবে। সংলাপ থেকে পাওয়া মতামত, পর্যবেক্ষণ ও সুপারিশ ভবিষ্যৎ হিট প্রকল্পের বিভিন্ন উদ্যোগ এবং দেশের উচ্চশিক্ষা রূপান্তর কার্যক্রমে বিবেচনার জন্য সংকলন করা হবে।
এম/এমআই