বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ঢাকা

ইউজিসির পূর্ণকালীন সদস্য হলেন ঢাবি অধ্যাপক মামুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ মে ২০২৬, ০৮:৫০ পিএম

শেয়ার করুন:

ইউজিসির পূর্ণকালীন সদস্য হলেন ঢাবি অধ্যাপক মামুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুনকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

শনিবার (২৩ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আইন, ১৯৭৩-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী তাকে চার বছরের জন্য এ নিয়োগ দেওয়া হয়েছে। দায়িত্ব পালনকালে তিনি পূর্ণ পদমর্যাদা ও বেতন-ভাতাসহ বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা ভোগ করবেন।

নিয়োগের শর্ত হিসেবে উল্লেখ করা হয়, এ নিয়োগের মেয়াদ হবে ৪ (চার) বছর। তবে সরকার প্রয়োজন মনে করলে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পূর্বে দায়িত্ব হতে অব্যাহতি দিতে পারবেন; অধ্যাপক মামুন অব্যবহিত পূর্ব পদে সর্বশেষ আহরিত বেতনভাতা প্রাপ্য হবেন; কমিশনের সদস্য হিসেবে তিনি প্রচলিত বিধি অনুযায়ী অন্যান্য সুবিধাদি পাবেন; এবং এ নিয়োগ তার যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।

অধ্যাপক মামুন জাপানিজ স্টাডিজ অ্যাসোসিয়েশন ইন সাউথ এশিয়া এর মহাসচিব, ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশ এর চেয়ারম্যান এবং টোকিও ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক প্যান-এশিয়া রিসার্চ ইনস্টিটিউট (পারি)-এর নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের অ্যাডেলফি ইউনিভার্সিটিতে ফুলব্রাইট রিসার্চ প্রফেসরশিপে ভূষিত হন। এছাড়াও ২০২৩ সালে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব জাপানে জাপান ফাউন্ডেশন ফেলো ছিলেন অধ্যাপক মামুন।

২০২০ সালে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ হাডার্সফিল্ড এর অর্থনীতি, অর্থায়ন এবং হিসাববিজ্ঞান বিভাগ থেকে আন্তর্জাতিক অর্থনৈতিক উন্নয়নের ওপর পিএইচডি ডিগ্রি লাভ করেন তিনি। ২০১৮ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে গবেষণা পদ্ধতির ওপর পোস্টগ্র্যাজুয়েট সার্টিফিকেট অর্জন করেন। ২০০৯ সালে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ নর্থামব্রিয়া থেকে সার্টিফিকেট ইন ল ডিগ্রি লাভ করেন।

পাশাপাশি, তিনি মার্কেটিং এর ওপর এমবিএ ডিগ্রিধারী।এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগ থেকে পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করেন। ড. মামুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

ড. মামুনের যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ ডার্বি, লিডস ট্রিনিটি ইউনিভার্সিটি; জাপানের ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ জাপান, টোকিও ইউনিভার্সিটি অফ ফরেন স্টাডিজ, ইউনিভার্সিটি অব কোবে; ভারতের জওহরলাল নেহরু ইউনিভার্সিটি এবং ইন্দোনেশিয়ার ইউনিভার্সিটাস ইন্দোনেশিয়ায় শিক্ষকতা ও লেকচার প্রদানের অভিজ্ঞতা রয়েছে।

এছাড়াও বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থায় কাজ করেছেন অধ্যাপক মামুন।

এসএইচ/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর