Dhaka Mail Logo

শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিবিএ তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু ৬ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক

২০ আগস্ট ২০২৬, ০৩:০৬ পিএম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০২৪ সালের বিবিএ (প্রফেশনাল) তৃতীয় বর্ষের ষষ্ঠ সেমিস্টারের নতুন ও পুরাতন সিলেবাসের পরীক্ষা আগামী ৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে। পরীক্ষা চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন দুপুর সাড়ে ১টায় পরীক্ষা শুরু হবে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দফতর থেকে জারি করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, অনিবার্য কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজনে পরীক্ষার সময়সূচি পরিবর্তন করতে পারবে।

পরীক্ষা শুরুর চার থেকে পাঁচ দিন আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের ems.nu.ac.bd ঠিকানায় পরীক্ষার বিস্তারিত তথ্য ও ডিজিটাল স্বাক্ষরযুক্ত প্রবেশপত্র পাওয়া যাবে। সংশ্লিষ্ট কলেজগুলোকে প্রবেশপত্র প্রিন্ট করে অধ্যক্ষের স্বাক্ষর ও সিল দিয়ে শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করতে বলা হয়েছে।

প্রবেশপত্রে কোনো ভুল বা ত্রুটি থাকলে পরীক্ষা শুরুর আগেই তা সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে। পরীক্ষার হলে উপস্থিতি গ্রহণের সময় পরীক্ষার্থীর মূল রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র যাচাই করে উপস্থিতি নিশ্চিত করতে হবে।

এ ছাড়া পরীক্ষার্থীপ্রতি কেন্দ্র ফি ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৫০০ টাকা পরীক্ষা শুরুর দুই থেকে তিন দিন আগে সংশ্লিষ্ট কেন্দ্রে জমা দিতে হবে। একই সঙ্গে প্রিন্ট করা হাজিরাপত্র এবং পরীক্ষার্থীদের রোল ও রেজিস্ট্রেশন নম্বরের বিবরণীর একটি কপি কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে হস্তান্তরের জন্য অধ্যক্ষদের অনুরোধ করা হয়েছে।

এম/এআরএম