নিজস্ব প্রতিবেদক
১৮ আগস্ট ২০২৬, ০৮:২১ পিএম
শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘দেশের শিক্ষার্থীদের শিক্ষার দায়িত্ব পুরো জাতি শিক্ষকদের হাতে তুলে দিয়েছে। এই দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। আর শিক্ষকদের সুযোগ-সুবিধা ও অসুবিধার বিষয়গুলো দেখার দায়িত্ব রাষ্ট্রের।’
মঙ্গলবার (১৮ আগস্ট) জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) ‘সদ্য জাতীয়করণকৃত সরকারি কলেজগুলোর শিক্ষকদের ইন্ডাকশন প্রশিক্ষণ কোর্স’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীরা শিক্ষকদের নিজের সন্তানের মতো। তাই প্রতিটি শিক্ষককে নিজের সন্তানের মতো করে শিক্ষার্থীদের শিক্ষা দিতে হবে।’
এসময় নিজের পেশার প্রতি ভালোবাসা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে শিক্ষকদের আহ্বানও জানান তিনি।
শিক্ষকদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘নিজের পেশাকে ভালোবাসতে না পারলে কাজ উপভোগ করা যায় না।’
শিক্ষকদের মানুষ গড়ার কারিগর উল্লেখ করে তিনি আরও বলেন, ‘শিক্ষকদেরও যথাযথ প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। এ কারণে বর্তমান সরকার শিক্ষকদের প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিয়ে কাজ করছে।’
নায়েমের মহাপরিচালক অধ্যাপক ড. ওয়াসীম মো. মেজবাহুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক। নায়েমের পরিচালক অধ্যাপক মো. শাহজাহান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।
৪৫ দিনব্যাপী এই প্রশিক্ষণ কোর্সে মোট ৯টি ভেন্যুতে ৫২০ জন প্রশিক্ষণার্থী অংশ নিয়েছেন।
এমএইচ/এএম