Dhaka Mail Logo

শিক্ষা

‘র‍্যাংকিংয়ের পাশাপাশি উচ্চশিক্ষার মান ও কর্মসংস্থানে জোর দিতে হবে’

নিজস্ব প্রতিবেদক

১৭ আগস্ট ২০২৬, ০৭:৩৯ পিএম

আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান উন্নয়নের পাশাপাশি উচ্চশিক্ষার গুণগত মান, গবেষণা ও শিক্ষার্থীদের কর্মসংস্থান বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।

সোমবার (১৭ আগস্ট) ঢাকার শেরাটন হোটেলে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) আয়োজিত ‘কিউএস বাংলাদেশ ফোরাম-২০২৬’-এ সম্মানিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইউজিসি চেয়ারম্যান বলেন, আন্তর্জাতিক র‍্যাংকিং গুরুত্বপূর্ণ হলেও এটি কোনো বিশ্ববিদ্যালয়ের সাফল্যের একমাত্র মানদণ্ড নয়। বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য হওয়া উচিত মানসম্মত শিক্ষা, গবেষণা ও নতুন জ্ঞান সৃষ্টি এবং শিক্ষার্থীদের দক্ষ ও কর্মসংস্থানের যোগ্য হিসেবে গড়ে তোলা।

তিনি আরও বলেন, উচ্চশিক্ষার রূপান্তরে ইউজিসি পাঁচ বছর মেয়াদি কৌশলগত পরিকল্পনা নিয়েছে। এর আওতায় শিক্ষার মানোন্নয়ন, গবেষণা, ডিজিটাল রূপান্তর, আন্তর্জাতিকীকরণ এবং পরিবর্তনশীল চাকরির বাজারের উপযোগী দক্ষ মানবসম্পদ তৈরিতে কাজ করা হচ্ছে।

অধ্যাপক মামুন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষাক্রমকে শিল্প খাত ও শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। একাডেমিক জ্ঞানের পাশাপাশি শিক্ষার্থীদের যোগাযোগ, সমস্যা সমাধান, প্রযুক্তি, নেতৃত্ব ও উদ্যোক্তা হিসেবে দক্ষতা অর্জনের সুযোগ দিতে হবে। এতে তারা দেশ-বিদেশের কর্মবাজারে প্রতিযোগিতায় সক্ষম হবে।

দেশের ১৮০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে অবকাঠামো, শিক্ষক, গবেষণা, প্রযুক্তি ও অর্থায়নের বিদ্যমান বৈষম্য কমিয়ে সব শিক্ষার্থীর জন্য মানসম্মত উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।

র‍্যাংকিংয়ের পেছনে ছুটলেই কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না উল্লেখ করে ইউজিসি চেয়ারম্যান বলেন, শিক্ষার মান, গবেষণার পরিবেশ, শিক্ষক উন্নয়ন, ডিজিটাল অবকাঠামো ও প্রশাসনিক সক্ষমতা শক্তিশালী করেই র‍্যাংকিংয়ে ভালো করতে হবে। র‍্যাংকিং অগ্রগতির একটি সূচক হলেও শিক্ষার মান ও শিক্ষার্থীদের সাফল্যই মূল লক্ষ্য হওয়া উচিত।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষা, গবেষণা ও প্রশাসনে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তাসহ উদীয়মান প্রযুক্তি ব্যবহারে শিক্ষক-শিক্ষার্থীদের সক্ষমতা গড়ে তোলাও জরুরি।

ফোরামে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এতে কিউএসের ভাইস প্রেসিডেন্ট-স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল এনগেজমেন্ট ড. অশ্বিন ফার্নান্দেজ, চিফ কমার্শিয়াল অফিসার জেসন নিউম্যান, এআইইউবির বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা সদস্য ইশতিয়াক আবেদীন, এপিইউবির সভাপতি ড. সবুর খানসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও শিল্প খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

‘কিউএস বাংলাদেশ ফোরাম-২০২৬’-এ দেশের ৯০টির বেশি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে বাংলাদেশের উচ্চশিক্ষার মানোন্নয়ন, আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে অবস্থান এবং বৈশ্বিক মানদণ্ডে বিশ্ববিদ্যালয়গুলোর সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

এমএইচ/এফএ