Dhaka Mail Logo

শিক্ষা

প্রধানমন্ত্রীর গোল্ডকাপ নিয়ে মাঠ সংস্কারসহ একগুচ্ছ নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

১৩ আগস্ট ২০২৬, ০৩:১৩ পিএম

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬ সফলভাবে আয়োজন করতে মাঠ সংস্কার, প্রচারণা, অর্থ বরাদ্দ, র‍্যালি ও প্রস্তুতিমূলক সভাসহ একগুচ্ছ নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। প্রতিযোগিতার উপজেলা, জেলা ও অঞ্চল পর্যায়ের কার্যক্রম আড়ম্বরপূর্ণভাবে আয়োজনের পাশাপাশি খ্যাতিমান খেলোয়াড়, সংসদ সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সম্পৃক্ত করার সিদ্ধান্ত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। মাউশির সব আঞ্চলিক পরিচালক, মাধ্যমিক শাখার উপপরিচালক ও জেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে এ চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬ উপলক্ষে গত ৩ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত হয়। ওই সভার কার্যবিবরণীতে মাঠপর্যায়ে প্রতিযোগিতা বাস্তবায়নের জন্য বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, উপজেলা নির্বাহী কর্মকর্তারা ভেন্যু কমিটি গঠন করবেন। একই সঙ্গে চার থেকে পাঁচটি খেলার মাঠ নির্বাচন করে সেগুলো জরুরি ভিত্তিতে সংস্কারের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে চিঠি পাঠাতে হবে। নির্ধারিত মাঠগুলো সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা নেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

জেলা পর্যায়ের কমিটিতে রেফারি অ্যাসোসিয়েশনের একজন প্রতিনিধি অন্তর্ভুক্ত করার নির্দেশনাও দেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিযোগিতার প্রচারণা বাড়াতে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুক পেজ ও মিডিয়া সেল গঠনের সিদ্ধান্ত হয়েছে।

মাউশির মহাপরিচালক এবং বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে সব জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে সভা করে প্রয়োজনীয় নির্দেশনা দিতে বলা হয়েছে। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ফুটবল সরবরাহের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতিযোগিতার অর্থায়নেও আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। উপজেলা পর্যায়ে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের পাশাপাশি মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড অর্থ বরাদ্দ দেবে। উপজেলা প্রশাসন প্রতিযোগিতা সংশ্লিষ্ট বিভিন্ন খাতে ওই অর্থ ব্যয় করবে।

এ ছাড়া মাউশি ও সব শিক্ষা বোর্ডকে দেশের আট বিভাগে র‍্যালি ও প্রস্তুতিমূলক সভা আয়োজন করতে বলা হয়েছে। জেলা কমিটিকে মহানগর বা মেট্রোপলিটন থানা কমিটি গঠনেরও নির্দেশ দেওয়া হয়েছে।

স্টিয়ারিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিযোগিতাকে আরও আকর্ষণীয় ও ব্যাপক জনসম্পৃক্ত করতে খ্যাতিমান খেলোয়াড়, সংসদ সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সম্পৃক্ত করা হবে।

এ ছাড়া প্রতিযোগিতা পরিচালনায় স্টিয়ারিং কমিটিতে ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, ত্রয়োদশ জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল ও এ বি এম আশরাফ উদ্দিন নিজান এবং মন্ত্রিপরিষদ বিভাগের একজন প্রতিনিধিকে কো-অপ্ট করার সিদ্ধান্ত হয়েছে।

স্টিয়ারিং কমিটির এসব সিদ্ধান্তের আলোকে উপজেলা, জেলা ও অঞ্চল পর্যায়ে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬ সফলভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এমএইচ/এএস