Dhaka Mail Logo

শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজ করতে আগ্রহী রাশিয়ান হাউস

নিজস্ব প্রতিবেদক

১৩ আগস্ট ২০২৬, ০৩:০২ পিএম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে উচ্চশিক্ষা, গবেষণা ও কারিগরি শিক্ষায় সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশে রাশিয়ান হাউস। এ লক্ষ্যে শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য একাডেমিক সহযোগিতা সম্প্রসারণ এবং দুই দেশের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।

বৃহস্পতিবার সকালে রাজধানীর ধানমন্ডিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে রাশিয়ান হাউসের পরিচালক আলেকজান্দ্রা খলেভনয়।

সাক্ষাৎকালে দক্ষতাভিত্তিক শিক্ষা, গবেষণা কার্যক্রম এবং ভবিষ্যৎ কারিগরি সহযোগিতাসহ পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়ে আলোচনা হয়। বিশেষ গুরুত্ব পায় শিক্ষার্থী ও শিক্ষক পর্যায়ে একাডেমিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়টি।

আলোচনায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ বলেন, আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে কার্যকর অংশীদারত্ব গড়ে তুললে শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করা সম্ভব। উচ্চশিক্ষায় দক্ষতাভিত্তিক ও কারিগরি শিক্ষায় রাশিয়া সহযোগিতা করতে পারে।

তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিপুলসংখ্যক শিক্ষার্থীকে আধুনিক, দক্ষতাভিত্তিক ও আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষার সুযোগ দিতে বিশ্ববিদ্যালয় বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। এ ক্ষেত্রে রাশিয়ার শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সহযোগিতা নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে।

শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে দুই পক্ষের সহযোগিতা আরও বিস্তৃত করার ওপরও গুরুত্ব দেন উপাচার্য।

রাশিয়ান হাউসের পরিচালক আলেকজান্দ্রা খলেভনয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেন। তিনি বাংলাদেশ ও রাশিয়ার শিক্ষা ও সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদারে উচ্চশিক্ষায় পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

বৈঠকে কারিগরি শিক্ষা ও গবেষণায় আন্তর্জাতিক নেটওয়ার্ক সম্প্রসারণ, একাডেমিক অভিজ্ঞতা বিনিময় এবং শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক পর্যায়ে নতুন সুযোগ তৈরির বিষয়েও আলোচনা হয়। ভবিষ্যতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সুযোগ চিহ্নিত করে কার্যকর উদ্যোগ নেওয়ার ব্যাপারে দুই পক্ষ আশাবাদ ব্যক্ত করে।

এ সময় বাংলাদেশে রাশিয়ান দূতাবাসের কালচারাল প্রোগ্রাম বিভাগের প্রধান প্রশান্ত কুমার বর্মন, জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা দেলোয়ার হোসেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল ডেস্কের পরিচালক রাজ বিন কাসেম, কমিউনিকেশনস এক্সপার্ট গৌতম বড়ুয়া এবং মাল্টি-ল্যাঙ্গুয়েজ লার্নিং ইনস্টিটিউটের কোঅর্ডিনেটর মো. সাইফুল ইসলাম শাহীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এআরএম