নিজস্ব প্রতিবেদক
১০ আগস্ট ২০২৬, ০১:৪৪ পিএম
চলতি বছরের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় বিষয়ভিত্তিক ফলাফলে সবচেয়ে বেশি শিক্ষার্থী ফেল করেছে হিসাববিজ্ঞান বিষয়ে। প্রকাশিত বিষয়ভিত্তিক ফলাফলের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, কারিগরি শিক্ষা বোর্ডে হিসাববিজ্ঞানে পাসের হার মাত্র ২০ দশমিক ৩৪ শতাংশ। অর্থাৎ এ বিষয়ে পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের প্রায় ৭৯ দশমিক ৬৬ শতাংশই পাস করতে পারেনি।
সোমবার (১০ আগস্ট) এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর বিষয়ভিত্তিক পাসের হারের এ চিত্র পাওয়া গেছে।
শিক্ষা বোর্ডগুলোর প্রকাশিত তথ্য অনুযায়ী, বাংলা, ইংরেজি, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), পৌরনীতি, হিসাববিজ্ঞান, উচ্চতর গণিত, ইতিহাস ও অর্থনীতিসহ বিভিন্ন বিষয়ের পাসের হার পর্যালোচনা করে দেখা যায়, সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে ইংরেজি বিষয়ে ফল তুলনামূলকভাবে সবচেয়ে দুর্বল।
ঢাকা বোর্ডে ইংরেজিতে পাসের হার ৭৮ দশমিক ৪০ শতাংশ। রাজশাহীতে ৭৪ দশমিক ৭০, কুমিল্লায় ৮১ দশমিক ২৯, যশোরে ৭১ দশমিক ৮৪, চট্টগ্রামে ৭২ দশমিক ২৭, বরিশালে ৬৯ দশমিক ২৪, সিলেটে ৬৯ দশমিক ১১, দিনাজপুরে ৭২ দশমিক ৯১ এবং ময়মনসিংহে ৬৬ দশমিক ৬৪ শতাংশ শিক্ষার্থী ইংরেজিতে পাস করেছে।
অন্যদিকে গণিতেও কয়েকটি বোর্ডে পাসের হার ৭০ শতাংশের ঘরে নেমে এসেছে। রাজশাহী বোর্ডে গণিতে পাসের হার ৭৭ দশমিক ১৭ শতাংশ, বরিশালে ৭৭ দশমিক ৯৮, সিলেটে ৭৫ দশমিক ৯৬, দিনাজপুরে ৭১ দশমিক ৫ এবং ময়মনসিংহে ৬৯ দশমিক ৬১ শতাংশ। দাখিল পরীক্ষার ক্ষেত্রে মাদরাসা শিক্ষা বোর্ডে গণিতে পাসের হার ৬৯ দশমিক ৯৭ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৭০ দশমিক ৯২ শতাংশ।
তবে আইসিটি বিষয়ে তুলনামূলকভাবে ভালো ফল করেছে শিক্ষার্থীরা। ঢাকা বোর্ডে এ বিষয়ে পাসের হার ৯৮ দশমিক ৬৬ শতাংশ, রাজশাহীতে ৯৯ দশমিক ৮৯, কুমিল্লায় ৯৮ দশমিক ৬৫, যশোরে ৯৭ দশমিক ৮৬ এবং চট্টগ্রামে ৯৯ দশমিক ৯৯ শতাংশ। বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ডেও আইসিটিতে পাসের হার ৯৮ শতাংশের ওপরে।
বাংলা বিষয়েও প্রায় সব বোর্ডেই পাসের হার ৯০ শতাংশের বেশি। ঢাকা বোর্ডে বাংলা বিষয়ে ৯৭ দশমিক ৯০ শতাংশ, রাজশাহীতে ৯৮ দশমিক ৪, কুমিল্লায় ৯৮ দশমিক ৩৮, চট্টগ্রামে ৯৬ দশমিক ৮৬ এবং সিলেটে ৯৭ দশমিক ৪৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
পদার্থবিজ্ঞান ও রসায়নেও বেশিরভাগ বোর্ডে পাসের হার ৯০ শতাংশের ওপরে। তবে ময়মনসিংহ বোর্ডে রসায়নে পাসের হার ৮৬ দশমিক ৩৬ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে পদার্থবিজ্ঞানে ৮১ দশমিক ৩৩ শতাংশ ও রসায়নে ৮২ দশমিক ৭ শতাংশ পাস করেছে।
বিষয়ভিত্তিক ফলাফলে উচ্চতর গণিতেও বোর্ডভেদে পার্থক্য দেখা গেছে। ঢাকা বোর্ডে এ বিষয়ে পাসের হার ৯১ দশমিক ১৪ শতাংশ হলেও বরিশালে তা নেমে এসেছে ৮০ দশমিক ১৮ শতাংশে। দিনাজপুরে উচ্চতর গণিতে পাসের হার ৯৬ দশমিক ৫ শতাংশ।
আরও পড়ুন: ২২৬ মাদরাসার কোনো শিক্ষার্থী পাস করেনি
অর্থনীতিতেও বরিশাল ও দিনাজপুর বোর্ডে তুলনামূলক কম শিক্ষার্থী পাস করেছে। বরিশালে এ বিষয়ে পাসের হার ৮১ দশমিক ৯২ শতাংশ এবং দিনাজপুরে ৭৯ দশমিক ৯৮ শতাংশ। বিপরীতে রাজশাহী বোর্ডে অর্থনীতিতে পাসের হার ৯৫ দশমিক ৯৫ শতাংশ।
সব মিলিয়ে বিষয়ভিত্তিক ফলাফলে ইংরেজি ও গণিতে সাধারণ শিক্ষা বোর্ডগুলোর শিক্ষার্থীদের ফল তুলনামূলকভাবে দুর্বল হলেও কারিগরি শিক্ষা বোর্ডের হিসাববিজ্ঞানে সবচেয়ে বড় বিপর্যয় দেখা গেছে। সেখানে প্রতি ১০০ শিক্ষার্থীর মধ্যে প্রায় ৮০ জনই এ বিষয়ে উত্তীর্ণ হতে পারেনি।
এমএইচ/এমআই